কোটি টাকা হাতিয়ে যুবলীগ নেতা উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত সহকারী (পিএ) বায়োজিদ ভুঁইয়া একাধিক লোকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  তিনি জেলা পরিষদের দোকান-জমি বরাদ্দ, চাকরি, গভীর নলকূপ ও রাস্তাঘাট মেরামত করে দেওয়ার নামে ওই টাকা নিয়েছেন বলে বেশ কয়েকজন অভিযোগ করেছেন।

আবু তাহের নামের একজন ব্যবসায়ী বলেছেন, বায়োজিদ জেলা পরিষদের তিনটি দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু বায়োজিদ তাঁকে দোকানও বুঝিয়ে দেননি, টাকাও দেননি।

আরেক ব্যবসায়ী তছলিম উদ্দিন বলেন, বায়োজিদ প্রায় দুই বছর আগে দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়েছেন। তাঁকেও দোকান দেননি বায়োজিদ।

তানভীর হায়দার নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, তাঁর এক আত্মীয়কে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর মাধ্যমে চার লাখ টাকা নেন বায়োজিদ। চাকরি না দেওয়ায় বিভিন্নভাবে চাপ দিয়ে এক লাখ টাকা তিনি বায়েজিদের কাছ থেকে আদায় করেন। বাকি তিন লাখ টাকা নিয়ে তিনি উধাও হয়ে যান।

এ ব্যাপারে রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘দুটি দোকান দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ ও চেকের মাধ্যমে ১০ লাখ টাকা নিয়েছে বায়োজিদ। সে আমার জানা মতে রায়পুর থেকে কমপক্ষে এক কোটি টাকা নিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। বায়েজিদের কর্মকাণ্ডের কারণে যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

যুবলীগের একটি সূত্র নিশ্চিত করেছে, গত ২৫ জুলাই বায়োজিদ ওমান চলে গেছেন। সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে যান। আপাতত আর তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, বায়োজিদ জেলা পরিষদের প্রশাসক শাহজাহান কামালের আত্মীয়। এ কারণে তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর থেকে তিনি দোকান বরাদ্দ, জমি বন্দোবস্ত, চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় শুরু করেন। শতাধিক মানুষের কাছ থেকে কমপক্ষে কোটি টাকা আদায় করেন। এমনকি নিজ দলের নেতা-কর্মীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন টাকা। কিছুদিনের মধ্যে তিনি মাইক্রোবাস কিনে চলাফেরা শুরু করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কামাল বলেন, কোটি টাকা নয়, বায়োজিদ মানুষের কয়েক কোটি টাকা নিয়ে গেছে। মধ্য বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে জমি বন্দোবস্ত দেবেন বলে ৭০ লাখ টাকা নেন। তিনি কেরোয়া ইউনিয়নের শত শত মানুষের লাখ লাখ টাকা প্রতারণা করে নেন। প্রতিদিন লোকজন এসে এসব তথ্য জানাচ্ছে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বায়োজিদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী ছিলেন। জেলা পরিষদে এ ধরনের কোনো পদ নেই। পরিষদ থেকে তাঁকে কোনো বেতন-ভাতাও দেওয়া হতো না। মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা আমরাও শুনেছি। এ লেনদেন তাঁর ব্যক্তিগত। দায়দায়িত্ব জেলা পরিষদের নয়।’

এ ব্যাপারে বায়োজিদ ভুঁইয়ার সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।