কোটি টাকা হাতিয়ে নিয়ে কথিত কোম্পানি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে একটি বহুস্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান তিন হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতিষ্ঠানটির নাম ইউনিভার ট্রাভেলস ডট কম লিমিটেড। এক মাস ধরে ওই প্রতিষ্ঠানের সৈয়দপুর কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির গ্রাহক মো. মশিউর রহমান ১৩ জানুয়ারি নীলফামারীর আমলি আদালতে মামলা করেছেন। প্রতারণার শিকার হওয়া গ্রাহকেরা জানান, ২০১১ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটির সৈয়দপুর শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম আজিজুল, ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই দিনই সৈয়দপুরের বেশ কয়েকজন শিক্ষিত তরুণকে প্রতিষ্ঠানটির স্থানীয় কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। স্থানীয় বিপণিবিতান সৈয়দপুর কমপ্লেক্সে এর কার্যালয় খোলা হয়। ইউনিভারের সৈয়দপুর শাখার কর্মকর্তা তারিক হোসেন বলেন, ‘ঢাকা থেকে এসে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁদের কথায় উদ্বুদ্ধ হয়ে মাঠপর্যায়ে পর্যায়ক্রমে তিন হাজার লোককে গ্রাহক করা হয়। গ্রাহকদের কাছ থেকে নিবন্ধন ফি হিসেবে তিন হাজার টাকা করে আদায় করা হয়েছে।’ প্রতিষ্ঠানটির সৈয়দপুর কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, ‘গত ৭ ডিসেম্বর সকালে এসে আমি কার্যালয়ে তালা দেখতে পাই। আগের দিন রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন কর্মকর্তা এখানে আসেন। তাঁরাই তালা মেরে চলে গেছেন। আমরা বারবার ঢাকায় গিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। তাঁরা আমাদের ঢাকার হাতিরপুলে ইস্টার্ন টাওয়ারের অষ্টম তলায় যে প্রধান কার্যালয় দেখিয়েছিলেন, সেখানেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।’মনোয়ার হোসেন নামের এক গ্রাহক জানান, তিনি সাড়ে পাঁচ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন কেনার জন্য গত বছরের নভেম্বর মাসে বুকিং দিয়েছিলেন। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, তাঁকে সেই পণ্য ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহের কথা। কিন্তু আজও তা পাননি তিনি।এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম আজিজুলের মুঠোফোনে ফোন করা হলে পরিচয় জেনে অপর প্রান্ত থেকে রং নম্বর বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।