কোটি টাকার অবকাঠামো দুই বছর ধরে পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের করুম নদীতে প্রায় এক কোটি টাকায় নির্মিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামোটি নির্মাণের পর থেকে দুই বছর পড়ে আছে। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে, আকারে ছোট ও স্লুইসগেট নির্মাণ না করায় এটি পরিত্যক্ত হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে জমিতে সেচ ও আমন মৌসুমে সম্পূরক সেচসুবিধার লক্ষ্যে ২০০৮-০৯ অর্থবছরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের করুম নদীতে ৩০ মিটার দৈর্ঘ্য এই স্লুইসগেট ওয়্যার নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ৭৮ লাখ টাকা। এটি নির্মাণের পর এলজিইডি ২০০৯ সালের জুলাইয়ে চাকলাহাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাছে হস্তান্তর করে। এই প্রকল্পের আওতায় ৫০০ কৃষককে নিয়ে একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আছে। সমিতির আওতায় সদস্যদের সঞ্চয় প্রকল্প, কৃষিঋণ বিতরণ, মৎস্য চাষসহ কৃষকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার কথা। এ জন্য একজন সমাজবিজ্ঞানীও আছেন।২০১০ সালের ১৯ থেকে ২১ মে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল স্লুইসগেট ওয়্যার দিয়ে বেরিয়ে যেতে পারছিল না। ফলে উজানে ব্যাপক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। উত্তর ভাটিয়াপাড়া, মেহেরপাড়া, চাকলাহাট, বীরপাড়া, বড়বাড়ী ও নতুন বন্দর এলাকার শতাধিক কৃষকের প্রায় ৬০০ একর বোরো ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যায়। স্থানীয় কৃষকদের দাবির মুখে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এলাকা পরিদর্শন করেন। তাঁর নির্দেশে ২২ মে স্লুইসগেটসংলগ্ল বাঁধ কেটে দেওয়া হয়। এর পর থেকে অবকাঠামোটি পড়ে আছে।দক্ষিণ ভাটিয়াপাড়ার কৃষক ইসমাঈল হোসেন প্রথম আলোকে জানান, অপরিকল্পিতভাবে এই স্লুইসগেট নির্মাণের ফলে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দক্ষিণ ভাটিয়াপাড়ার কৃষক মো. ফরহাদ হোসেন বলেন, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই স্লুইসগেট নির্মাণ করে সরকারের অর্থ অপচয় করা হয়েছে। প্রাক-জরিপ, স্থান নির্বাচনে ভুল ও আকারে ছোট স্লুইসগেট নির্মাণ করায় এটি অকার্যকর হয়ে পড়েছে। নতুন করে নির্মাণের কথা থাকলেও গত দুই বছরেও তা হয়নি।চাকলাহাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবু দাউদ প্রধান জানান, গেট বন্ধ করে রাখায় বোরো আবাদ করতে পারছেন না কৃষক। আবার গেট খুলে দিলে নদীতে পানি থাকছে না। আসলে ৩০ মিটার দৈর্ঘ্য এই স্লুইসগেটে মাত্র ৫০ সেন্টিমিটারের দুটি গেট রাখা হয়েছে। এটা ৫০ মিটার দৈর্ঘ্য এবং পাঁচ মিটারের পাঁচটি গেট করলে কৃষকের কাজে লাগত। ওয়্যার না দিয়ে স্লুইসগেট করলে কৃষকের উপকারে আসত। প্রকৌশলীদের ৫০ মিটার এবং গেটের সংখ্যা পাঁচটি করতে বলা হয়েছিল। কিন্তু তা করা হয়নি।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, অপরিকল্পিতভাবে এবং আকারে ছোট এই অবকাঠামো নির্মাণের ফলে উজানে অনেক কৃষকের ফসল পানির নিচে তলিয়ে যায়। কৃষকের স্বার্থে বাঁধ কেটে দিতে হয়েছে। নতুন করে বড় আকারের অবকাঠামো তৈরির কথা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছিল।পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক মুঠোফোনে বলেন, এলজিইডির দ্বিতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই স্লুইসগেট ওয়্যার নির্মাণ করা হয়। এখন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। তৃতীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই অবকাঠামোটি নতুন করে আরও বড় আকারে নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।