কোটি টাকার আলোকসজ্জা এখন ঘুটঘুটে অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর দুই তীরে আলোকসজ্জা করে এলাকাটি দর্শনার্থীদের কাছে উপভোগ্য করে তুলেছিল পৌর কর্তৃপক্ষ। সেটি ছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ঘটনা। কিন্তু এক মাস যেতে না যেতেই সেই আলোকসজ্জা হঠাৎ উধাও হয়ে যায়। আলোকসজ্জার বদলে এখন শুধু ঘুটঘুটে অন্ধকার।
কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুমোদন ছাড়া অবৈধভাবে আলোকসজ্জা করায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভেস্তে যেতে বসেছে কোটি টাকার বেশি ব্যয়ের এই উদ্যোগ। অন্ধকার থাকার সুযোগে বৈদ্যুতিক খুঁটি তুলে নিয়ে যাচ্ছেন অনেকে।
পৌরসভা সূত্র জানায়, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকারের যৌথ অর্থায়নে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিপ-৩) আওতায় ২০১৬-১৭ অর্থবছরে নওগাঁ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৭৩১ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ছোট যমুনা নদীর দুই তীরের সৌন্দর্য বাড়ানোর জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৪২ লাখ টাকা। এই প্রকল্পের অধীনে নওগাঁ শহরের বাইপাস ব্রিজ থেকে লর্ড লিটন ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে নদীর উভয় তীর আলোকসজ্জা ও নদীর তীরে মাঝেমধ্যে দর্শনার্থীদের বসার জন্য ইট-সিমেন্টের বেঞ্চ করে দেওয়া।
নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত প্রথম আলোকে বলেন, শুধু আলোকসজ্জা কাজে ব্যয় হয় ১ কোটি ৭ লাখ টাকা। ২১০টি অ্যালুমিনিয়ামের খুঁটি, ১৯৪টি সোডিয়াম ও ১৬টি সাধারণ (এনার্জি) বাতি লাগানো হয়েছে। কিন্তু অনুমোদন না দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।
আলোকসজ্জার উদ্বোধন করা হয় গত ৮ জানুয়ারি। এর তিন সপ্তাহের মাথায় পিডিবি অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেয়। এ জন্য পৌর কর্তৃপক্ষকে শোকজ করে অতিরিক্ত বিদ্যুৎ খরচের জন্য বিল আদায় করে নেওয়া হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার নয় মাস পার হলেও বৈধ সংযোগ নিয়ে আলোকসজ্জা চালু রাখার কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ।
জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, গত পৌর নির্বাচনের আগে নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ছোট যমুনা নদীর দুই তীর আলোকসজ্জা করার কাজ শুরু করেন মেয়র নজমুল হক। পৌর নির্বাচনে পুনরায় বিজয়ী হওয়ার কিছুদিন পর আলোকসজ্জা চালু করেন তিনি। কিন্তু কয়েক দিন পর আলোকসজ্জা বন্ধ হয়ে যায়। এতেই বোঝা যায়, শুধু লোক দেখানোর জন্য তিনি আলোকসজ্জা চালু করেছিলেন।
উকিলপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নদীর ধারে সৌন্দর্য বৃদ্ধির জন্য দেড় কোটি টাকার পুরো কাজটাই এখন জলে যেতে বসেছে। এটা পুনরায় চালু হবে কি না, এটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যেভাবে খুঁটিগুলো থেকে বাতি ও তার চুরি হয়ে যাচ্ছে, এতে দেখা যাবে আবার চালু হতে হতে সব বাতি ও তার চুরি হয়ে যাবে।
নওগাঁ পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শঙ্কর কুমার দেব বলেন, ‘পৌর কর্তৃপক্ষ সড়কবাতির সংযোগ থেকে বিদ্যুৎ নিয়ে আলোকসজ্জা চালু করে। বিষয়টি জানতে পেরে আমরা সংযোগ বন্ধ করে দিই। এ জন্য পৌর কর্তৃপক্ষকে শোকজ করেছিলাম। তারা আমাদের অতিরিক্ত বিদ্যুৎ খরচের বিল দিতে বাধ্য হয়েছে। পরবর্তী সময়ে বৈধভাবে সংযোগটি চালু রাখার জন্য আলোকসজ্জার জন্য আলাদা মিটার নেওয়ার জন্য আবেদন করতে বললেও এখন পর্যন্ত তারা কোনো উদ্যোগ নেয়নি।’
জানতে চাইলে মেয়র নজমুল হক প্রথম আলোকে বলেন, ‘সঠিক প্রক্রিয়ায় সংযোগ না নেওয়ায় পিডিবি নদীর ধারে আলোকসজ্জার জন্য নেওয়া সংযোগটি বন্ধ করে দিয়েছে। পৌরসভার আর্থিক সংকট থাকায় এত দিন সংযোগটি চালুর ব্যবস্থা করা যায়নি। তবে আগামী দুই-এক মাসের মধ্যে বৈধভাবে সংযোগ নিয়ে নদীর দুই তীরে আবারও আলোকসজ্জা চালু করা হবে। আমরা কোনোভাবেই কোটি টাকার এই প্রকল্প ভেস্তে যেতে দেব না।’