কোটি টাকার এক্স-রে মেশিন বাক্সবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদরের বাস টার্মিনালের কাছে ২০০৬ সালে ২৫ শয্যার শিশু হাসপাতালের ভবনের নির্মাণকাজ শেষ হয়। কিন্তু প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এখনো হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। এ কারণে হাসপাতালের জন্য বরাদ্দ করা কোটি টাকার দুটি এক্স-রে মেশিন বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না করলে মেশিন দুটি অকেজো হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের শেষ দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের আগস্টে ভবনের নির্মাণকাজ শেষ হয়। ওই সালের ৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া ঝিনাইদহে এসে শিশু হাসপাতালের চিকিত্সা কার্যক্রম উদ্বোধন করেন। চালু না হওয়ার পরও স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালের জন্য দুটি এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। ২০০৮ সালের ২৩ নভেম্বর ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মেশিন দুটি গ্রহণ করেন। এর মধ্যে একটি হচ্ছে ৫০০ এমএ। এ মেশিনটির সেই সময়ের দাম ৫৬ লাখ ৭২ হাজার ১০০ টাকা। অন্য মেশিনটি ১৫০ এমএ। এর দাম ১১ লাখ ৫৫ হাজার টাকা। এই মূল্যবান মেশিন দুটি এখন শিশু হাসপাতালের বারান্দায় পড়ে আছে। ঝিনাইদহ সদর হাসপাতালের একজন কর্মকর্তা জানান, শিশু হাসপাতালের এক্স-রে মেশিন দুটি এখানে নিয়ে এসে চালু করা হলে রোগীরা উপকৃত হবে। দীর্ঘদিন ব্যবহার করা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে।ঝিনাইদহের সিভিল সার্জন নিরঞ্জন সরকার জানান, যে হাসপাতালের জন্য এক্স-রে মেশিন দুটি বরাদ্দ করা হয়েছে, সেই হাসপাতালের প্রশাসনিক অনুমোদন হয়নি। এ কারণে মেশিন দুটি চালু করা সম্ভব হয়নি।