কোটি টাকার কাজ ভাগাভাগি করে নিলেন আ.লীগ নেতারা!
যশোরে আওয়ামী লীগের নেতারা এক কোটি পাঁচ লাখ টাকার উন্নয়নকাজ ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেছেন, কাজ ভাগাভাগি হওয়ায় গত সোমবার শেষ দিনে তাঁদের দরপত্রের শিডিউল জমা দিতে দেওয়া হয়নি।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ রায় সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘সবাইকে বলেছি, টেন্ডার ড্রপ করার দরকার নেই। দলীয় কার্যালয় নির্মাণের জন্য প্রায় দেড় কোটি টাকা খরচ হবে। এই টাকা সংগ্রহের জন্য আমাদের সমঝোতা হয়েছে। তোমাদের (ঠিকাদার) ব্যাপারটি ভবিষ্যতে দেখা হবে।’জেলা মত্স্য দপ্তর সূত্রে জানা গেছে, সরকার যশোর সদরসহ কেশবপুর, মনিরামপুর ও অভয়নগরের জলাবদ্ধ অঞ্চলের মানুষের আর্থিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক কোটি পাঁচ লাখ টাকার মাছ চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প নিয়েছে। এর আওতায় জলাবদ্ধ ওই সব এলাকার বিভিন্ন খাল ও বিলে ৭৪ হাজার কেজি মাছ অবমুক্ত করা হবে।জানা গেছে, ওই প্রকল্পের ১৬টি গ্রুপের কাজ নিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা রোববার রাতে শহরে গোপন সমঝোতা বৈঠক করেন। বৈঠকে যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ খালেদুর রহমানের সমর্থক ঠিকাদারেরা পাঁচটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের সমর্থক ঠিকাদারেরা পাঁচটি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু একটি এবং আওয়ামী লীগ ও যুবলীগের অন্য নেতারা বাকি পাঁচটি গ্রুপের কাজ পাবেন বলে সিদ্ধান্ত হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠক সূত্র জানায়, প্রতিটি গ্রুপ থেকে কাজের ২০ শতাংশ টাকা সমঝোতা কমিটির কাছে জমা দেওয়ার শর্তে এই বৈঠক হয়। ওই টাকা তিন ভাগ করা হয়। এর এক অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ, এক অংশ দরপত্র জমা দেওয়ার দিনে যাঁরা বাধা দেবেন তাঁদের জন্য এবং বাকি অংশ অন্য দরপত্র ক্রেতাদের দেওয়া হবে বলে ঠিক হয়।কয়েকজন ঠিকাদার প্রথম আলোর যশোর কার্যালয়ে এসে নাম প্রকাশ না করার শর্তে জানান, শহরের আরবপুর মত্স্য ভবনে সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হয়। কিন্তু যশোর শহরের বাইরে থেকে আসা ঠিকাদারদের দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। মত্স্য ভবনের অন্তত ২০০ গজ পর্যন্ত ছিল শহরের চিহ্নিত সন্ত্রাসীদের মোটরসাইকেল মহড়া। এ ছাড়া ভবনের ভেতরে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদার হোসেন, সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ রায় ও আফজাল হোসেন। তাঁরা দরপত্র জমা না দিতে চাপ সৃষ্টি করেন বলে ঠিকাদারেরা অভিযোগ করেন।ঠিকাদারেরা জানান, অভয়নগর থেকে আসা একজন ঠিকাদার শিডিউল জমা দিতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁর শিডিউল কেড়ে নিয়ে গায়ের জামা ছিঁড়ে ফেলেন।মাছ চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মিজানুর রহমান জানান, ১৬টি গ্রুপের কাজের জন্য ৭০০ শিডিউল বিক্রি হলেও ১৩২টি জমা পড়েছে। তিনি বলেন, শিডিউল জমা নেওয়ার সময় র্যাব ও পুলিশের সদস্যরা ছিলেন। সবাই নির্বিঘ্নে শিডিউল জমা দিয়েছেন বলে তাঁর দাবি।রোববার রাতে সমঝোতা বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘সবাই তো আর শিডিউলের কাজ করে না। সমঝোতা বৈঠকের মাধ্যমে ঈদের আগে যদি পাঁচটি শিডিউলের বিপরীতে ২৫ হাজার টাকা পাওয়া যায়। সেটিই বা কম কী?’যোগাযোগ করা হলে সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি টেন্ডারবাজি করি না, মালও (টাকা) খাই না। কিডা ভাগাভাগি করল আমার জানা নেই। তবে রাতে গোপনে কোনো খেলাধুলা হতে পারে। ১০ জন ঠিকাদার এক জায়গায় বসে সমঝোতা করলেও করতে পারে।’আওয়ামী লীগের নেতা শাহীন চাকলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তা বন্ধ পাওয়া গেছে।