কোটি টাকার খামারে চিংড়ি নেই, বসে জুয়ার আসর
কক্সবাজারের টেকনাফ শহরে স্থাপিত সম্ভাবনাময় চিংড়ি প্রদর্শনী খামারটির কোটি কোটি টাকার সম্পদ অযত্ন-অবহেলায় নষ্ট হতে চলেছে। কর্মকর্তা-কর্মচারীসংকটের কারণে খামারটি রুগ্ণশিল্পে পরিণত হয়েছে। অথচ খামারটি ইজারা দেওয়া হলে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব পেত। সীমানাপ্রাচীর না থাকায় খামারের ভবনগুলো চোরাইপণ্য পাচারে ব্যবহূত হয়। এমনকি সেখানে মদ, জুয়া ও দেহব্যবসা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।টেকনাফ উপজেলা পরিষদের পূর্ব পাশে নাফ নদীর তীর ঘেঁষে খামারটি অবস্থিত। ১৯৮৬ সালে ৮০ কোটি টাকা বৈদেশিক অনুদানে ২১ দশমিক ২ একর জমির ওপর প্রদর্শনী চিংড়ি খামার ও প্রশিক্ষণকেন্দ্রটি স্থাপন করা হয়।খামারের অবকাঠামো নির্মাণকাজ শেষ হলে আদর্শ প্রকল্প হিসেবে ১৯৯৩ সালের ২৮ নভেম্বর তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটি উদ্বোধন করেন। ১৭ একর খামার এলাকায় ১০টি পুকুর, যার মধ্যে পাঁচটি মজুদ পুকুর ও পাঁচটি নার্সারি রয়েছে। এ ছাড়া খামারে প্রশিক্ষণ, প্রশাসনিক কাজ, কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য কয়েকটি ভবন নির্মাণ করা হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসিয়ে খামারসহ পুরো এলাকায় নিজস্ব খুঁটি দিয়ে বিদ্যুত্ বিতরণ লাইন টানা হয়। এসব পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগ করা হয় ১৯টি পদে। বর্তমানে পাঁচজন কর্মরত আছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি শুরুর প্রথম কয়েক বছর বেশ জমজমাট ছিল। সারা বছরই প্রশিক্ষণ চলত। দেশি-বিদেশি প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা আসতেন, থাকতেন। কিন্তু ১৯৯৬ সালে প্রকল্পটি রাজস্বখাতে হস্তান্তরের পর ধীরে ধীরে সেটি অচল হয়ে পড়ে।সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় সংস্কার না করায় ভবনগুলো শ্রীহীন হয়ে পড়েছে। সর্বত্র ময়লা-আবর্জনা। তিনতলা আবাসিক ভবনের এক ইউনিটে উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোরশেদ একা, নিচতলায় একটি কক্ষে গাড়িচালক কাঞ্চন জলদাস, ডরমেটরি ভবনে পরিবারসহ পিয়ন সরোয়ার হোসেন, আবাসিক ভবন-২-এর ৩ নম্বর কক্ষে দক্ষ জেলে আলমগীর একা থাকেন। ডরমেটরির ৬ নম্বর কক্ষে রান্নাঘর, আর ১ নম্বর কক্ষে বহিরাগত লোকজন মদ-জুয়ার আসর বসায়। বাকি কক্ষগুলোয় মালামাল ফেলে রাখা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, গত দু-তিন বছর ধরে পুকুরগুলো ইজারা নেওয়ার জন্য স্থানীয় অনেকেই চেষ্টা করছেন। এভাবে খামার ফেলে না রেখে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হলে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব পেত। রাতের বেলা ভবনগুলোয় চলে মদ ও জুয়ার আসর। এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ভবনে রোহিঙ্গা তরুণীদের এনে দেহব্যবসা করান। এ নিয়ে বখাটে ও মাদকসেবীদের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে গেছে।ওই কর্মচারী আরও অভিযোগ করেন, খামারের সীমানাপ্রাচীরের কাঁটাতারগুলো চোরের দল অনেক আগেই কেটে নিয়ে গেছে, যে কারণে বর্তমানে খামারটি উন্মুক্ত। রাতে খামার এলাকা চোরাইপণ্য পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহূত হচ্ছে।উপজেলা মত্স্য কর্মকর্তা ও খামারের দায়িত্বপ্রাপ্ত অধীরচন্দ্র দাশ জানান, সম্ভাবনাময় প্রকল্পটি রক্ষা করা উচিত। এ প্রদর্শনী চিংড়ি খামার ও প্রশিক্ষণকেন্দ্রে ২১টি মঞ্জুুুরি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন একজন সহকারী পরিচালক ও চারজন কর্মচারী। স্বল্পসংখ্যক জনবল দিয়ে পুরো প্রকল্প এলাকা রক্ষা করা সম্ভব হচ্ছে না। এখানে অসামাজিক কার্যকলাপ চলা অস্বাভাবিক কিছু না। সীমানাপ্রাচীর না থাকায় মাঝেমধ্যে বখাটেদের আড্ডা চলে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, ১ মার্চ খামার এলাকা থেকে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়।