কোটি টাকার জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিপ্রতিবন্ধী এক ব্যক্তির স্বাক্ষর ও টিপসই জাল করে প্রায় কোটি টাকার জমি নিজের নামে লিখে নিয়েছেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান। এ ঘটনায় আদালত ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুরের হাস্তাবসন্তপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী জীবন নাহার বেগমের নামে দুপচাঁচিয়া মৌজায় দুই একর ২৯ শতক ধানি জমি, ভিটা বাড়ি ও পুকুর রয়েছে। তিনি এর মধ্য থেকে তাঁর বড় ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী ফরমুজুল আহসানের নামে ৯৩ শতক জমি দলিল করে দেন। এই জমি আওয়ামী লীগের নেতা আমিনুর রহমান দীর্ঘদিন ধরে দেখাশোনা করতেন। এ সুবাদে তাঁর সঙ্গে জীবন নাহার বেগমের পরিবারের বিশ্বস্ততা গড়ে ওঠে। এরই ফাঁকে আমিনুর রহমান ২০০৯ সালের ১৬ মার্চ ফরমুজুল আহসানের অংশের সাড়ে ৫৭ শতক জমির সঙ্গে নিজের নামে থাকা ডিমশহর মৌজার ১৯ শতক জমি বিনিময় দলিল করেন। আমিনুর রহমান ওই বিনিময় দলিলের সাড়ে ৫৭ শতক জমি ২০১০ সালের ১৭ মে সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নিজের নামে খারিজ করে নেন। পরে তিনি ওই খারিজ মূলে এর মধ্য থেকে সাড়ে ৩৭ শতক জমি তিন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে ফরমুজুল আহসানের স্বজনেরা ভূমি অফিসে আমিনুর রহমানের দেওয়া ওই খারিজ বাতিলের জন্য আবেদন করেন। এদিকে ফরমুজুল আহসানের ছোট ভাই আসফারুল আহসান বাদী হয়ে গত ১১ মে বগুড়া বিচারিক হাকিমের আদালতে ফৌজদারি মামলা করেন এবং ওই জমি দখলের ওপর নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনারের (ভূমি) ওপর দায়িত্ব দেন। সহকারী কমিশনার ৬ জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত ১৪ জুলাই আমিনুর রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু ১২ দিনেও দুপচাঁচিয়া থানায় গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পৌঁছায়নি। সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান বলেন, প্রাথমিক তদন্তে আমিনুর রহমান যে বিনিময় দলিল করেছেন তাতে ফরমুজুল আহসানের স্বাক্ষরের সঙ্গে দলিলের স্বাক্ষরের কোনো মিল পাওয়া যায়নি। এ ছাড়া ফরমুজুল আহসানের নামে দুপচাঁচিয়া মৌজার জমির মূল্য অনেক বেশি। কিন্তু আমিনুর রহমান বিনিময় দলিলে নামমাত্র মূল্য ধরেছেন। এ কারণে তাঁর নামের খারিজটি বাতিল করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘আমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কথা বিভিন্ন লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো কাগজপত্র থানায় আসেনি।’ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, ‘আদালতে আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার জবাব আদালতে দেব। দলিলের স্বাক্ষর ও টিপসই সঠিক কি না, তা আদালতই প্রমাণ করবে। আর আমার নামে আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা আমি জানি না।’