কোটি টাকার দরপত্র ছিনিয়ে নিলেন সাংসদের ভাগনে
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে কোটি টাকার এমএসআর (ওষুধপত্র, গজ, ব্যান্ডেজ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন ও আসবাবপত্র) সামগ্রী সরবরাহের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানের ভাগনে মিজানুর রহমান ওরফে মুনার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত।গত বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ফটকে দুজন ঠিকাদারের প্রতিনিধির কাছ থেকে ১২টি দরপত্র ছিনতাই করা হয়েছে। ট্রেজারি চালানের মাধ্যমে নয় হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে ওই দুই ঠিকাদারের প্রতিনিধিরা ১২টি দরপত্র কিনেছিলেন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সদর হাসপাতাল, চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি হাসপাতালে ২০১২-২০১৩ অর্থবছরে এমএসআর সামগ্রী সরবরাহের লক্ষ্যে ছয়টি গ্রুপে প্রায় কোটি টাকার দরপত্র আহ্বান করে। গত বুধবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। দরপত্র জমাদানের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর।ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আলেয়া করপোরেশনের প্রতিনিধি শাহান শাহ ও বনানী মেডিকেল স্টোরের প্রতিনিধি অলিয়র রহমান অভিযোগ করেন, ‘দরপত্রে অংশ নেওয়ার জন্য গত মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন অফিস থেকে ১২টি দরপত্র কিনি। দরপত্র নিয়ে অফিস থেকে বের হতেই বাইরে অবস্থানরত মিজানুর রহমান ও তাঁর সঙ্গে থাকা কিছু ব্যক্তি মারপিট করে দরপত্রগুলো কেড়ে নেন। ঘটনাটি লিখিতভাবে সিভিল সার্জনকে জানিয়ে নতুন করে দরপত্র পাওয়ার জন্য আবেদন করেছি। এ অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া হয়েছে। কিন্তু নতুন করে দরপত্র সরবরাহ করা হয়নি।’ দরপত্র বিক্রির সময় কোনো পুলিশি পাহারা ছিল না বলে জানান অলিয়ার রহমান।দরপত্র ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘অনেকেই দরপত্র কিনেছেন। তবে এ সময় আমিসহ যুবলীগ-ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী সিভিল সার্জন অফিসের মাঠে ছিলাম।’সিভিল সার্জন মোজাম্মেল হক দরপত্র ছিনতাইয়ের লিখিত অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘অফিসের বাইরে কিছু হলে তা আমার দেখার বিষয় নয়। দরপত্র বিক্রির সময় কোন ঝামেলা তো হয়নি। কাজেই পুলিশি পাহারার প্রয়োজন হয়নি। তবে দরপত্র জমার সময় অবশ্যই পুলিশি পাহারার ব্যবস্থা করা হবে।’