হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় কোটি টাকার দরপত্র জাল জালিয়াতি করে একটি পাইপ কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ঠিকাদারেরা জেলা দুর্নীতি দমন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন।জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর ও অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলায় পানির উৎস স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সম্প্রতি ৮৪ লাখ ৮১ হাজার টাকার একটি দরপত্র আহ্বান করে। এতে চারটি দরপত্র বিক্রি হয়। এ দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৬ নভেম্বর। দরপত্র জমা পড়ে তিনটি। ওই দিন বিকেলে দরপত্র খোলার সময় উপস্থিত ঠিকাদারদের সামনে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ দরপত্র খুলে ঘোষণা দেন। দরপত্রে অংশগ্রহণকারী পারটেক্স কোম্পানি চার ভাগ নিম্ন দরে দরপত্র জমা দিয়েছে। পরে নির্বাহী প্রকৌশলী জমাকৃত দরপত্রগুলো তার সঙ্গে করে সিলেটে নিয়ে যান। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বের পাশাপাশি তিনি সিলেট অফিসেরও দায়িত্বে রয়েছেন। এদিকে ঠিকাদারেরা গ্রহণ করা দরপত্রের খোঁজখবর নিতে গেলে নির্বাহী প্রকৌশলী জানান, এ দরপত্র এখনো প্রাথমিক মূল্যায়ন কমিটির কাছে রয়েছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। গত বৃহস্পতিবার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, পারটেক্স কোম্পানি চার ভাগ উচ্চ দরে কাজটি পেয়েছে এবং তা মূল্যায়ন কমিটির অনুমোদনও পায়। এ খবর পেয়ে ঠিকাদারদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ঠিকাদার মো. আকবর হোসেন বলেন, ‘আমি গত দরপত্রে অংশ নিই। এতে আমার প্রতিষ্ঠান পাঁচ ভাগ উচ্চ দর দিলে তখন নির্বাহী প্রকৌশলী আমাকে বলেন. পারটেক্স কোম্পানি চার ভাগ নিম্ন দর দিয়ে দরপত্র জমা দিয়েছে। তা হলে এ কোম্পানি এখন চার ভাগ উচ্চ দর হয় কী করে?’ এ বিষয়ে আকবর হোসেন হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে একটি অভিযোগ করেছেন বলে জানান তিনি।ঠিকাদার আবদুস সালাম বলেন, ‘হবিগঞ্জের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে এ অভিযোগই নয়, তিনি আরও দুর্নীতির ঘটনা করেছেন এ অফিসে। আমরা তাঁর অপসারণ ও নতুন করে দরপত্র দেওয়ার দাবি জানাচ্ছি।’ দরপত্রে অংশ নেওয়া অপর ঠিকাদার রয়েল পাইপ কোম্পানির স্বত্বাধিকারী নুরউদ্দিন মোল্লা বলেন, ‘দরপত্রে কাগজগুলো হবিগঞ্জ অফিসে সংরক্ষণ থাকবে। অথচ নির্বাহী প্রকৌশলী তা সঙ্গে করে সিলেট নিয়ে যান। তখন থেকে আমরা ঠিকাদারেরা অনুমান করছিলাম, কোনো ধরনের ছলচাতুরী হচ্ছে। অবশেষে তাই প্রমাণিত হলো। সরকারকে এখন প্রায় নয় লাখ টাকা অরিরিক্ত গুনতে হবে।’ হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ বলেন, দরপত্রে হাত দেওয়ার সুযোগ কারও নেই। যাঁরা অভিযোগ এনেছেন, তাঁরা কাজ না পেয়ে এ ধরনের অভিযোগ আনছেন।