কোটি টাকার দুটি সেচপ্রকল্প কৃষকের অভিশাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে কোটি টাকার সরকারি দুটি সেচপ্রকল্প কৃষকের কোনো কাজে আসছে না। দুটি প্রকল্পের আওতাধীন দুটি খালে শুষ্ক মৌসুমে কোনো পানি আটকানো যায় না। উল্টো প্রকল্প এলাকায় নির্মিত দুটি স্লুইসগেট বর্ষায় পানিপ্রবাহে বাধার সৃষ্টি করছে। এ অবস্থায় সেচপ্রকল্প দুটি এলাকার কৃষকদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রকল্প দুটি দেখভাল করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করতে ১৯৯৫ সালে উপজেলার আহম্মেদাবাদ-মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কানমোনা-হারাবতি খালে একটি সেচপ্রকল্প হাতে নেয় এলজিইডি। ‘কানমোনা-হারাবতি উপসেচপ্রকল্প’ নামে এই সেচপ্রকল্প এলাকার রোয়াইর পয়েন্টে কালাই-সমশিরা সড়কের ওপর একটি স্লুইসগেটও নির্মাণ করা হয়। খাল খনন, স্লুইসগেট নির্মাণসহ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় প্রায় অর্ধকোটি টাকা। সেচসুবিধার পাশাপাশি প্রকল্পটি যাতে উপকারে আসে, এ জন্য প্রকল্প এলাকার কৃষকদের নিয়ে গঠন করা হয় ‘কানমোনা-হারাবতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)’।অন্যদিকে ২০০৫ সালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের নুনগোলা খাড়িতেও ‘কাদিরপুর-বাখড়া উপ-সেচপ্রকল্প’ নামে একটি সেচপ্রকল্প হাতে নেয় এলজিইডি। এ প্রকল্পে ব্যয় হয় প্রায় ৫০ লাখ টাকা। এর মধ্যে নুনগোলা খালের বেলগড়িয়া পয়েন্টে একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। অবশিষ্ট টাকা খাল খননকাজে ব্যয় করা হয়। সুষ্ঠু পানি ব্যবস্থাপনার জন্য কৃষকদের নিয়ে কাদিরপুর-বাখড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন করা হয়।ওই দুটি সেচপ্রকল্প এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্প দুটি এলাকার কৃষকদের জন্য কোনো সুফল তো বয়ে আনেইনি; উল্টো সেচপ্রকল্প এলাকায় অপরিকল্পিতভাবে নির্মিত দুটি স্লুইসগেটের কারণে বর্ষাকালে জলাবদ্ধতা তৈরি হচ্ছে; পানিতে তলিয়ে যাচ্ছে কয়েক শ বিঘার আমন ফসল।গত মঙ্গলবার কাদিরপুর-বাখড়া সেচপ্রকল্প এলাকা ঘুরে সেখানকার খালে কোনো পানি দেখা যায়নি। বরং শুকিয়ে যাওয়া খালে কৃষকেরা বোরো ধান লাগিয়েছেন। এসব ধানগাছে সেচ দিতে হচ্ছে নলকূপ থেকে। কাদিরপুর এলাকার কৃষক লোকমান হোসেন বলেন, ‘হামাগরক কওয়া হচলো চৈত-বৈশাখ মাসত এ খাঁড়াত (খাল) থাকে পানি তুলে ইরি আবাদ করবার পারমো। উল্টা এখন শ্যালো-ডিপত থাকে পানি লিয়ে এ খাড়াত ধান আবাদ করতে হওচে। আর বর্ষাত সুইসগেট এলাকাত বান-বন্যা ডাকে অ্যানে হামাগেরে ফসল লস্ট করোচে।’এদিকে গত সোমবার কানমোনা-হারাবতি সেচপ্রকল্প ঘুরেও খালে কোনো পানি দেখা যায়নি। বরং খালের কোনো কোনো অংশে কৃষকদের বোরো আবাদ করতে দেখা গেছে।ওই প্রকল্প এলাকার কৃষক রোয়াইর গ্রামের শামিম হোসেন বলেন,‘ প্রকল্পটি এলাকার কৃষিক্ষেত্রে আশীর্বাদ বয়ে আনার কথা ছিল। কিন্তু হয়েছে ঠিক উল্টো। স্লুইসগেটের কারণে বর্ষায় উজান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে; পানিতে ডুবে যাচ্ছে আমন ফসল।’ কাটাহার গ্রামের কৃষক রাজু চৌধুরী বলেন, ‘নামেই স্লুইসগেট। দেখার কেউ না থাকায় এর নাটবল্টু, অ্যাঙ্গেল, চাবি থেকে শুরু করে সবকিছুই চুরি গেছে।’ কানমোনা-হারাবতি পানি ব্যবস্থাপনা সমিতির বর্তমান আহ্বায়ক অমৃত কুমার বলেন, ‘শুষ্ক মৌসুমে খালে পানি আটকাতে নতুন করে খাল খনন এবং স্লুইসগেটটি মেরামত করতে হবে।’এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুস সালাম (সম্প্রতি ঢাকায় বদলি হয়েছেন) বলেন, ‘ওই দুটি সেচপ্রকল্প এলাকার কৃষকের কোনো উপকারে আসেনি এটা সত্যি। তবে প্রকল্প দুটি যখন হাতে নেওয়া হয়, তখন আমি এখানকার দায়িত্বে ছিলাম না। যে সময়টুকু দায়িত্বে ছিলাম ওই সময়ে এ সমস্যা সমাধানে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া সম্ভব ছিল না।’