কোটি টাকার পণ্য নিয়ে ব্যবসায়ী লাপাত্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনাফার প্রলোভন দেখিয়ে ও বাকিতে ধান-চাল, গম ও ভুট্টা কিনে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ী কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর নাম কাওসার আলী। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, কাওসার পৌর এলাকার আজাইপুর, বটতলাহাট, নামোশংকরবাটিসহ বেশ কয়েকটি মহল্লার কমপক্ষে ৫০ জনের কাছ থেকে নগদ টাকা, ধান-চাল, গম ও ভুট্টা নেন। টাকা শোধ না করে স্ত্রী-সন্তান নিয়ে গত ১৭ অক্টোবর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। মামলার বাদী আজাইপুরের তৌহিদ আহমেদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘এক লাখ টাকায় প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেন কাওসার। গত বছরের নভেম্বরে আমার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেন। টাকা চাইলে তিনি একটি চেক দেন। পরে মার্কেন্টাইল ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখায় চেক নিয়ে গেলে জানতে পারি কাওসারের হিসাব নম্বরে কোনো টাকা নেই।’ নামোশংকরবাটির মফিজুল হক অভিযোগ করেন, গত মে মাসে তাঁর কাছ থেকে পাঁচ লাখ ৮০ হাজার টাকার আতপ চাল কেনেন কাওসার। তিনি অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ও পূবালী ব্যাংকের পাঁচটি চেক দেন। কিন্তু ব্যাংকগুলোতে গিয়ে দেখা যায় কাওসারের হিসাব নম্বরে টাকা নেই। আরামবাগ মহল্লার গিয়াস উদ্দীন অভিযোগ করেন, তাঁর কাছ থেকে সাড়ে ৯০০ মণ ধান নিয়ে টাকা পরিশোধ করেননি কাওসার। নামোশংকরবাটির মাহমুদুল হকের ১২২ বস্তা মিনিকেট চাল নিয়েও টাকা না দেননি তিনি। প্রতারণার শিকার ব্যক্তিদের দাবি, নগদ টাকাসহ ধান-চাল, গম, ভুট্টাসহ আড়াই থেকে তিন কোটি টাকা নিয়ে গাঢাকা দিয়েছেন কাওসার। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, প্রাথমকিভাবে মনে হচ্ছে, এক কোটি কিংবা এরও বেশি টাকা নিয়ে চম্পট দিয়েছেন কাওসার। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।