কোটি টাকার প্রকল্পে শুধু পিলার ও ছাদ নির্মাণ!
শিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রমোট’ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের তিন উপজেলায় মাধ্যমিক শ্রেণীর নারী শিক্ষকদের জন্য তিনটি হোস্টেল স্থাপনে অনিয়ম খুঁজে পাওয়া গেছে। জেলার সদর, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় প্রায় এক কোটি সাড়ে ১০ লাখ টাকার ওই প্রকল্পে ১০ মাসে তিনটি হোস্টেল স্থাপনের কথা থাকলেও গত ছয় বছরে দুটি হোস্টেলের স্থানে কয়েকটি পাকা পিলার এবং অন্যটিতে শুধু পিলার ও ছাদ নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ২০০৪ সালের ২০ মে ‘প্রোগ্রাম টু মোটিভেট ট্রেইন অ্যান্ড এমপ্লয় ফিমেল টিচারস ইন রুরাল সেকেন্ডারি স্কুলস’ বা ‘প্রমোট’ প্রকল্পের আওতায় মাধ্যমিক মহিলা শিক্ষক হোস্টেল নির্মাণে দরপত্র আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। এ কাজে ব্যয় নির্ধারণ করা হয় এক কোটি ১০ লাখ ৪৩ হাজার টাকা। অর্থায়ন করে ইউরোপীয় কমিশন (ইসি)। ঢাকাভিত্তিক ‘এনবিসি গ্রুপ’ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান কাজটি পায়। হোস্টেল তিনটি স্থাপনের জন্য সদর, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরের ১০ শতাংশ করে জায়গা বরাদ্দ করা হয়। ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর ‘প্রমোট’ প্রকল্পের পরিচালক নির্মাতা প্রতিষ্ঠানকে ৩০০ দিনের (১০ মাস) মধ্যে কাজ শেষ করতে লিখিত কার্যাদেশ দেন।ওই বছর অক্টোবরে নির্মাতা প্রতিষ্ঠানটি তিনটি উপজেলা পরিষদে বরাদ্দ করা জায়গায় হোস্টেল নির্মাণের কাজ শুরু করে। কিন্তু সদরে পাকা পিলার ও ছাদ এবং কুলাউড়া ও শ্রীমঙ্গলে কয়েকটি পিলার নির্মাণ করে নির্মাতা প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিকেরা চলে যান। গত ছয় বছরেও স্থাপনার বাকি কাজ শেষ করা হয়নি।কাগজপত্রে উল্লিখিত নির্মাতা প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ের টেলিফোন নম্বরে গত বুধবার দুপুরে যোগাযোগ করলে ‘অপারেটর’ পরিচয় দিয়ে মো. মঈন উদ্দিন বলেন, তাঁদের প্রতিষ্ঠানটির নাম ‘জিবিবি গ্রুপ’। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে দেশের বাইরে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।মৌলভীবাজারের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘যেটুকু কাজ সেটা এখানে আমার যোগদানের আগেই হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান কেন কাজ অসমাপ্ত রেখে চলে গেল বুঝতে পারছি না।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি এর আগে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান গত বুধবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘প্রমোট প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’