কোটি টাকার ফায়ার স্টেশনে দিনে ধান শুকানো, রাতে গ্যারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনটি একটি রাস্তার কারণে মানুষের কোনো কাজে আসছে না। দেড় বছর আগে নির্মিত ভবনটিতে এখন দিনের বেলায় ধান শুকানো আর রাতে রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহার করেন স্থানীয় লোকজন।সংশ্লিষ্ট বিভাগ জানায়, স্টেশনটি চালু করতে তারা প্রয়োজনীয় লোকবল, গাড়ি, পাম্পসহ সবকিছুই বরাদ্দ পেয়েছেন। তবে সংযোগ সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় স্টেশনটি আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম চালু করতে পারছে না।এলাকাবাসীর অভিযোগ, গত দেড় বছরে নবীগঞ্জ উপজেলায় বেশ কটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়। কিন্তু হাতের কাছে স্টেশনটি থাকার পরও তাঁরা এর সুবিধা থেকে বঞ্চিত হন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী জানান, ৪ ডিসেম্বর উপজেলা সদরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ২২ কিলোমিটার দূরের হবিগঞ্জ জেলা সদর থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। অথচ এখানকার স্টেশনটি চালু থাকলে এ ক্ষতির পরিমাণ অনেক কম হতো।এলাকাবাসী জানান, স্টেশন ভবনটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাই ভবনের পাকা চত্বরে দিনের বেলায় তাঁরা ধান শুকান। আর যাঁদের রিকশা আছে, তাঁরা রাতে ওখানে রাখেন।গণপূর্ত বিভাগ সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলা সদরের শান্তিনগর এলাকায় ৪৫ শতক জমির ওপর সরকার ২০১০ ও ২০১১ অর্থবছরে এক কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এই ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণ শুরু করে। মেসার্স কেভি কন্সট্রাকশন এন্টার প্রাইজ গত বছরের জুনে এর নির্মাণকাজ শেষ করে। এ ছাড়া স্টেশনটির জন্য এক হাজার ৮০০ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন একটি গাড়ি, একটি পাম্প, একজন স্টেশনমাস্টার ও লিডার, দুজন গাড়িচালক ও আটজন ফায়ারম্যান দেওয়া হয়।হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বদরুল আলম খান বলেন, ‘আমাদের কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন তারা (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ) কেন ভবনটি বুঝে নিচ্ছে না, তা জানি না। তবে যতটুকু শুনেছি, স্টেশনে যাওয়ার রাস্তাটি দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে না বলে মনে করছে তারা।’ হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মানিকুজ্জামান বলেন, ‘স্টেশনটি চালু করার সব প্রস্তুতি সম্পন্ন। লোকবল, গাড়িসহ সব ধরনের বরাদ্দ এসে গেছে। সমস্যা দাঁড়িয়েছে স্টেশনের সংযোগ সড়কটি নিয়ে। সড়কটির অবকাঠামো দুর্বল। এটি ১৭ হাজার কেজি ওজনের এক হাজার ৮০০ লিটার পানি বহনকারী গাড়ি চলাচলের অনুপযোগী। আমরা গণপূর্তকে বলেছি রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য। রাস্তাটি না হওয়ায় স্টেশনটি চালু করা যাচ্ছে না। পাশাপাশি এ প্রতিষ্ঠানের জন্য টেলিফোন সংযোগও একটি জরুরি বিষয়। এখন পর্যন্ত তা-ও পাইনি।’