কোটি টাকার ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি এক নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম আবদুল্লাহ আলী (৩৮)।র্যাব জানায়, একটি বিশেষ সংস্থার পাওয়া খবরের সূত্র ধরে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় বিমানবন্দর গোল চত্বরের পশ্চিম-দক্ষিণ কোণে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আবদুল্লাহ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় রুপি পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার সমপরিমাণ।র্যাবের জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ আলী জানান, তাঁর বাবার নাম দরবেশ আলী। বাড়ি করাচির লান্ধি এলাকায়। তবে বেশ কিছুদিন ধরে তিনি কক্সবাজারে থাকছিলেন। তিনি নিজেকে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে জানান।