কোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ আটক ১
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। আটক ব্যক্তির নাম লিংকন (৩০)।
র্যাবের দাবি, এসব ভিওআইপি সরঞ্জামের মূল্য এক কোটি টাকা। আটক সরঞ্জামের মধ্যে রয়েছে নয়টি ভিওআইপি মেশিন, সাড়ে চার হাজার মোবাইল সিম, একটি সার্কিট সার্ভার, একটি মনিটর, ছয়টি মিডিয়া কনভার্টার, চারটি ইউপিএস, চারটি সিপিইউ, তিনটি কুইনটাম গেটওয়ে ও ৮৮টি অ্যানটেনা।
র্যাব-৪-এর অপারেশন অফিসার কামরুল হাসান প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার রাত ১০টার দিকে শেখেরটেকের বায়তুল আমান হাউজিংয়ের ৪ নম্বর রোডের ১৫/১৭ নম্বর তৃতীয় তলার সি/২ একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সামগ্রী আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিংকন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবত্ শেখেরটেক এলাকায় ভিওআইপির এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা হবে।