কোটি টাকার ভিত্তি স্থাপনা আগাছার দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসমাপ্ত পড়ে থাকা চুয়েটের ছাত্রকল্যাণ ভবনের ভিত্তিজুড়ে গজিয়েছে আগাছা ও ঝোপঝাড় l প্রথম আলো
অসমাপ্ত পড়ে থাকা চুয়েটের ছাত্রকল্যাণ ভবনের ভিত্তিজুড়ে গজিয়েছে আগাছা ও ঝোপঝাড় l প্রথম আলো

দেখে মনে হবে পুরোনো একটি স্থাপনার ধ্বংসাবশেষ। চারপাশ আগাছায় ঘেরা। কংক্রিট থেকে বের হয়ে আছে অনেকগুলো রড। বিভিন্ন দিক থেকে লতাগাছ উঠে ঢেকে ফেলেছে স্থাপনার বেশির ভাগ অংশ। এটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকল্যাণ ভবনের ভিত্তি স্থাপনার বর্তমান চিত্র। বিশ্ববিদ্যালয় গোলচত্বরের পাশে অবস্থান এই স্থাপনার।

প্রকল্প অনুযায়ী, ভবনটিতে থাকার কথা ছিল চুয়েটের শিক্ষক-ছাত্র মিলনকেন্দ্র (টিএসসি), ক্যাফেটেরিয়া, গণরুম, ছাত্রসংসদ ও অন্যান্য ছাত্রসংগঠনের দপ্তর কিংবা গবেষণাগার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৭ সালে ছাত্রকল্যাণ ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এটি ১৭ হাজার বর্গফুট আয়তনের চারতলা ভবন হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে এ জন্য ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সে অর্থ দিয়ে ভবনের ভিত্তিকাঠামোটি নির্মাণ করা হয়। কিন্তু এরপর প্রকল্পের জন্য আর কোনো বরাদ্দ আসেনি। তাই নির্মাণকাজ শেষ করা যায়নি।

এদিকে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে চলতি বছরেই ভবনটির নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ার কথা ছিল। ভবনটির কাজ একতলা পর্যন্ত সম্পন্ন করার জন্য এক কোটি টাকা অর্থায়ন করার সিদ্ধান্ত হয়। তবে টাকা এখনো দেওয়া হয়নি।

চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, সাবেক উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের অনুরোধে ভবনটির কাজ একতলা পর্যন্ত সম্পন্ন করার জন্য সমিতির সভাপতি মো. কবির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের উদ্যোগে এক কোটি টাকা অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে আরও অর্থায়নের ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দিন ধরে ছাত্রকল্যাণ ভবনের নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়ে আসছেন। পুরকৌশল বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী শাহিরয়ার শাকিল বলেন, ছাত্রকল্যাণ ভবনটি হতে পারত চুয়েটের প্রাণকেন্দ্র। শিক্ষার্থীদের পদচারণে মুখরিত থাকার কথা ছিল এই কেন্দ্রটি। কিন্তু সে স্থানে এখন আগাছার দৌরাত্ম্য।

তড়িৎকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রেবেকা সুলতানা বলেন, ছাত্রকল্যাণ ভবনটি থাকলে তা শিক্ষক-শিক্ষার্থীদের মিলনস্থল হিসেবে কাজ করত। ভবনটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও কর্মকাণ্ড বিকাশের ক্ষেত্র তৈরি হতো।

এ ব্যাপারে চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুদ দোজা প্রথম আলোকে বলেন, ভিত্তি স্থাপনার রডগুলোতে মরিচারোধী আস্তরণ লাগানো আছে। এ ভিত্তিটি ব্যবহার করেই পুরো ভবনটি নির্মাণ করা হবে।

জানতে চাইলে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, ভবনটি নির্মাণের জন্য তুরস্ক সরকারের অর্থায়ন করার কথা ছিল। কিন্তু পরে তা আর হয়নি। এখন প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া এক কোটি টাকা দিয়ে একতলার কাজ দুই-তিন মাসের মধ্যে শুরু হবে।