কোটি টাকার মার্সিডিজ গাড়ি রাস্তা থেকে জব্দ

মহাখালীর ডিওএইচএস আবাসিক এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে মার্সিডিজ ব্র্যান্ডের জিপ মডেলের একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গতকাল দুপুরে মহাখালী ডিওএইচএস ১৯ সি সড়কের ২৮৮ নম্বর বাড়ির সামনে পার্ক করা অবস্থায় ছিল গাড়িটি। ওই বাড়ির মালিক এস কে আবু বাকেরের ছেলে এরিক মোরশেদ গাড়িটির মালিক। গাড়িটি ঢেকে রাখা ছিল। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ-১৪-৪৭২৭। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে যোগাযোগ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানতে পারে যে গাড়িটির নিবন্ধন নম্বরটি ভুয়া।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িটি কারনেট দ্য প্যাসেজ সুবিধার আওতায় দেশে আনা হয়েছে। কিন্তু শর্ত অনুযায়ী গাড়িটি ফেরত যায়নি। শুল্কসহ এই গাড়ির মূল্য প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে শুল্ক ছিল ১ কোটি ৪১ লাখ টাকা।
পর্যটকদের গাড়ি নিয়ে যেকোনো দেশে প্রবেশের জন্য দ্য কাস্টমস কনভেনশন অন দ্য টেম্পোরারি ইমপোর্টেশন অব প্রাইভেট ভেহিক্যালস (১৯৫৪) অ্যান্ড কমার্শিয়াল রোড ভেহিক্যালস (১৯৫৬) নামে একটি আন্তর্জাতিক আইন আছে। এটি ‘কারনেট দ্য প্যাসেজ’ নামে সারা বিশ্বের পরিচিত। বিশ্বের সব দেশ তা অনুসরণ করতে বাধ্য।
এই সুবিধার আওতায় কোনো পর্যটক চাইলে তাঁর নিজের গাড়ি নিয়ে বিনা শুল্কেই যেকোনো দেশে প্রবেশ করতে পারবেন। তবে ফিরে যাওয়ার সময় তাঁকে অবশ্যই গাড়িটি ফেরত নিয়ে যেতে হবে। সাধারণত এক বছরের জন্য এই সুবিধা বহাল থাকে।
বিগত বছরগুলোতে দেশে সবচেয়ে বেশি কারনেট সুবিধার আওতায় গাড়ি এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের মাধ্যমে। মূলত শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়। কেউ কেউ এই সুবিধা নিয়ে ব্যবসাও করেন।
গতকাল অভিযান পরিচালনাকারী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরেরর সহকারী পরিচালক ফেরদৌসি মাহবুব বলেন, গাড়ি জব্দ করার ঘটনায় কাস্টম আইনে মামলা করা হয়। জব্দ করা গাড়িগুলো ঢাকা কাস্টম হাউসে রাখা হয়। এরপর তদন্ত করে জানা হয় গাড়িটি কোথা থেকে এসেছে, মালিক কে, কত শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়ির মালিক পাওয়া গেলে শুল্ক আদায় করে তাঁর কাছে গাড়ি হস্তান্তর করা হয়।