কোটি টাকার মালামাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের শিবরামপুর মহল্লার জুবিলি ট্যাংকপাড়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) অভিযান চালিয়ে ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামের একটি নকল শক্তিবর্ধক ও উত্তেজক পানীয় তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানা থেকে ১ কোটি ২৯ লাখ টাকার মালামাল জব্দ ও তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার রুহুল আমিন ও স্কোয়াড কমান্ডার থোয়াইঅংপ্রু মারমা। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন মনিরা।
র্যা ব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মহল্লার বাসিন্দা হায়দার আলী নিজ বাড়িতে ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামের কারখানাটি গড়ে তোলেন। এরপর অনুমোদন না নিয়ে তিনি বিভিন্ন নামে ও মোড়কে শক্তিবর্ধক-উত্তেজক পানীয়, সফট ড্রিংক, হজমি, ওরাল স্যালাইন, হারবাল সিরাপ এবং ওষুধ উৎপাদন করে বাজারজাত করতে থাকেন। খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলে। অভিযানে কারখানা থেকে ডোরা ফুড প্রডাক্টসের পাশাপাশি এমআরবি অ্যান্ড বেভারেজ লিমিটেড, আরএস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ইউনি হার্বস লিমিটেড, ইউএসএফ বেভারেজ কোম্পানিসহ কিছু নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন নামের যৌন-উত্তেজক ও শক্তিবর্ধক পানীয় তৈরি করতে দেখা যায়। পরে আদালত কারখানা থেকে ১ কোটি ২৯ লাখ টাকার মালামাল জব্দ ও তিন লাখ টাকা জরিমানা আদায় করেন।