কোটি টাকার যন্ত্র তিন দিন পর নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের সড়কগুলো পরিষ্কার করার জন্য কোটি টাকা দিয়ে কেনা ‘ঝাড়ু দেওয়ার কাজে ব্যবহূত’ গাড়িটি কাজ শুরু করার তিন দিন পরই নষ্ট হয়ে গেছে। গত ২১ এপ্রিল যন্ত্রটি উদ্বোধনের পর ঘোষণা করা হয়েছিল ১৪০ বছর পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম প্রযুক্তির যুগে প্রবেশ করেছে।সিটি করপোরেশনের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্টিপ-২ প্রকল্পের আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে রোড ‘সুইপিং ভেহিকল’ নামের এই গাড়িটি কেনা হয়। প্রথম পর্যায়ে এ যন্ত্র দিয়ে মহানগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার করার কথা। যন্ত্রটি পানি ছিটিয়ে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তা পরিষ্কার করতে সক্ষম। এটি আবর্জনা নিজের মধ্যেই সংরক্ষণ করবে এবং পরে তা ভাগাড়ে ফেলে দেবে। উদ্বোধনের তিন দিন পর যন্ত্রটি আর কাজ করেনি। এরপর দেড় মাস পার হয়ে গেলেও এটি মেরামত করা সম্ভব হয়নি। গত মাসে সরবরাহকারী প্রতিষ্ঠানের একদল প্রকৌশলী এসে চেষ্টা করেও যন্ত্রটি মেরামত করতে পারেননি। যন্ত্রটি উদ্বোধনের পর রাজশাহী সিটি করপোরেশন থেকে সংবাদপত্রগুলোতে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, প্রায় ১৪০ বছর পর পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্ষেত্রে প্রযুক্তির যুগে প্রবেশ করল রাজশাহী সিটি করপোরেশন।যন্ত্রটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে থাকা সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, যন্ত্রাংশ পুনঃস্থাপন করলে রোড সুইপিং মেশিনটি আবার আগের মতো কাজ করতে পারবে। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, যান্ত্রিক জিনিস নষ্ট হতেই পারে। এটি মেরামতের চেষ্টা চলছে।