ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অনেক ব্যবহারিক ক্লাস ঠিকমতো করতে পারেন না শিক্ষার্থীরা। অথচ সেখানে বিভিন্ন সময়ে কেনা প্রায় কোটি টাকার ব্যবহারিক যন্ত্রপাতি অব্যবহূত পড়ে আছে। এসব যন্ত্রপাতি শিক্ষার্থীদের কোনো কাজেই লাগে না।তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের সেপ্টেম্বরে ১৪ লক্ষাধিক টাকার ব্যবহারিক যন্ত্রপাতি কেনা হয়। কিন্তু আজ পর্যন্ত এসব যন্ত্রপাতি শিক্ষার্থীদের কোনো কাজে আসেনি। একই বছরের এপ্রিলে সিনক্রো সার্ভো ট্রেনিং সিস্টেম নামের একটি অত্যাধুনিক যন্ত্র কেনা হয় প্রায় ২৯ লাখ টাকায়। ওই যন্ত্রটি শিক্ষার্থীদের ব্যবহারিক কাজ দূরের কথা, কেউ চোখেও দেখেননি। তবে যন্ত্রটি খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে। ওই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল আবেদিন যন্ত্রটি কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। ওই বিভাগের জন্য সম্প্রতি প্রায় ৩৩ লাখ টাকার ব্যবহারিক যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু হলে বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষকের সঙ্গে আলোচনা করে দেখেন, এগুলো শিক্ষার্থীদের কোনো কাজে লাগবে না। এরপর তিনি ওইসব যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া বন্ধ করে দেন।অন্যদিকে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক কাজের জন্য ১৯৮৭ সালে ২৫ লাখ টাকা দিয়ে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) লেদ কেনা হয়। যন্ত্রটি শিক্ষার্থীদের কোনো কাজেই আসছে না। এটি কোথায় রাখা হয়েছে, তাও জানেন না শিক্ষার্থীরা। একইভাবে ১২ লাখ টাকার সিএনসি মিলিং মেশিনটিও অব্যবহূত পড়ে রয়েছে। এভাবে বিভিন্ন ধরনের আরও অনেক ব্যবহারিক যন্ত্রপাতি কক্ষের মধ্যে সাজিয়ে রাখা ছাড়া কোনো কাজেই লাগছে না।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, কোনো যন্ত্রপাতিই অপ্রয়োজনীয় নয়। তবে কেনার আগে খেয়াল রাখতে হবে, সেগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে কাজে লাগবে কি না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জানান, যন্ত্রপাতি প্রদর্শনীয় বস্তু নয়, এগুলো ব্যবহারের জন্য কেনা হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কারণে কিছু কিছু ব্যবহারিক কাজ ভাগাভাগি করতে হয়। আবার অনেক যন্ত্রপাতি না থাকায় তাঁরা ঠিকমতো ব্যবহারিক ক্লাস করতে পারেন না। যন্ত্রকৌশল বিভাগের প্রধান দেওয়ান মোহাম্মদ নুরুজ্জামান জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এসব যন্ত্রপাতি দিয়ে ব্যবহারিক কাজ করা যাচ্ছে না। তা ছাড়া অত্যাধুনিক এসব যন্ত্রপাতি পরিচালনায় দক্ষ শিক্ষক যাঁরা ছিলেন, বর্তমানে তাঁরা না থাকায় এগুলো অকেজো হয়ে আছে। তবে তাঁর এ বক্তব্য নাকচ করে দিয়ে বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, তিনিসহ একাধিক শিক্ষক ওইসব যন্ত্রপাতি মেরামত ও পরিচালনা করতে পারেন।তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল মান্নান জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগে তাঁর বিভাগে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। শিক্ষার্থীদের সিলেবাস-বহির্ভূত এসব যন্ত্রপাতি কোনো ব্যবহারিক কাজে লাগে না। কেনার আগে বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হলে ওই টাকা দিয়ে যুগোপযোগী ব্যবহারিক যন্ত্রপাতি কেনা যেত বলে তিনি মনে করেন। অথচ সিলেবাসভুক্ত অনেক ব্যবহারিক ক্লাস যন্ত্রপাতির অভাবে শিক্ষার্থীরা ঠিকমতো ব্যবহার করতে পারেন না। তিনি অভিযোগ করেন, নিয়ম না মেনেই ওইসব যন্ত্রপাতি কেনা হয়েছে।