ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানজটের কারণে জনদুর্ভোগ কমাতে শহরের চাষাঢ়া ডাকবাংলো থেকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি বিকল্প রাস্তা তৈরি করে সিটি করপোরেশন। যান চলাচলের জন্য খুলে দেওয়া হলেও চাষাঢ়া ডাকবাংলোর অংশে রাস্তার প্রবেশমুখে এলোপাতাড়ি বাস থামিয়ে রেখে মেরামতকাজ করায় যানবাহন চলাচল করতে পারছে না।এক কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৮০০ মিটার দৈর্ঘ্যের রাস্তা-নালা তৈরি করা হয়। রাস্তার প্রশস্ততা গড়ে সাড়ে ১২ ফুট। নির্মাণকাজ শেষে তিন মাস আগে রাস্তাটি খুলে দেওয়া হয়। কিন্তু নাগরিকদের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত রাস্তা এখন কোনো কাজে লাগছে না।খোঁজ নিয়ে জানা গেছে, চাষাঢ়া থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে চাষাঢ়া রেলক্রসিং থেকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত অংশ সিটি করপোরেশনের অন্তর্গত। সড়কটি পঞ্চাশের দশকে নির্মিত এবং সওজ এর রক্ষণাবেক্ষণ করে।ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে কোনো ফুটপাত না থাকায় পথচারীদের, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধদের হাঁটাচলায় দুর্ভোগ পোহাতে হয়। নাগরিকদের দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশন ওই বিকল্প সড়ক নির্মাণ করে। এই রাস্তা ও নালার ঢাকনার ওপর পথচারীরা চলাচল করে। বিশেষ করে, সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ স্কুল, এরিবস স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ছাড়াও শতাধিক কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন স্কুল সিটি করপোরেশনের নবনির্মিত এই ৮০০ মিটার রাস্তার আশপাশে অবস্থিত। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের অভিভাবকেরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ভয়াবহ যানজট এড়াতে বিকল্প রাস্তা হিসেবে এটি ব্যবহার করেন।জামতলার হাজী ব্রাদার্স রোড, হাজী আবদুর রহমান সড়ক, হাজী হায়দার আলী রোড, ধোপাপট্টি, মসজিদ রোড, সাব্বির আলম খন্দকার রোড, ইসদাইর এলাকার হাজার হাজার বাসিন্দা নতুন নির্মিত এই সড়ক ব্যবহার করছে। কিন্তু চাষাঢ়া জেলা পরিষদের ডাকবাংলোর সামনে দিয়ে সড়কটির প্রবেশমুখে দিনে-রাতে সব সময়ই ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বিভিন্ন কোম্পানির বাস থামিয়ে রেখে মেরামতকাজ করা হয়। যানজটের আশঙ্কায় রিকশা, প্রাইভেট কারসহ অন্যান্য ছোট যানবাহন এই রাস্তা ব্যবহার করে না।সাদিয়া আফরিন নামের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী অভিযোগ করে, এই রাস্তায় ফুটপাত দিয়ে প্রতিদিন সে তার মায়ের সঙ্গে বাসা থেকে হেঁটে স্কুলে আসে। নতুন এই রাস্তা দিয়ে স্কুলের আরও অনেক মেয়ে হেঁটে আসা-যাওয়া করে। কিন্তু চাষাঢ়া ডাকবাংলোর সামনে এলোপাতাড়ি বাস থামিয়ে রাখায় হাঁটাচলায় সমস্যা হচ্ছে। বাসের মেরামতকাজের সময় উচ্চস্বরে গান বাজানো হয়।সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নাগরিকদের সুবিধার জন্যই এখানে রাস্তা-নালা নির্মাণ করা হয়েছে। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির সুবিধার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করতে পারে না। সম্প্রতি সিটি করপোরেশনে এক সভায় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।গত ২২ জুন নগর ভবনে অনুষ্ঠিত সভায় অংশ নেওয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন বলেন, যানজট নিরসনে জেলা ও পুলিশ প্রশাসনের পরবর্তী যৌথ বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।