কোটি টাকার সরকারি জমি জালিয়াতি করে বিক্রি!
জাল দলিলে কোটি টাকার সরকারি জমি ব্যক্তিমালিকানায় বিক্রির অভিযোগ মিলেছে। সৈয়দপুর উপজেলা ভূমি কার্যালয়ের তিন কর্মকর্তা এ কাজে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরাসহ এ জমির ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।দলিল তৈরি, সম্পাদন ও নামজারি (খারিজ) বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ১১ জানুয়ারি চিঠি দিয়েছে জেলা প্রশাসক। ওই নির্দেশ পাওয়ার পর ইউএনওর নেতৃত্বে তিন সদস্যের কমিটি ১১ জানুয়ারি থেকে কাজ শুরু করেছেন।এ ঘটনার সঙ্গে অভিযুক্ত জড়িত ব্যক্তিরা হলেন: উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার শাহাদৎ হোসেন, কানুনগো খাদেমুল ইসলাম ও উপজেলার কামারপুকুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সোহরাব হোসেন (বর্তমানে তিনি নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নে কর্মরত)। একই সঙ্গে এ ঘটনায় জমির ক্রেতা মাহফুজ আলম, জমির বিক্রেতা মৃত্যুঞ্জয় সরকার ও যতীন্ত্র চন্দ্র সরকারের বিরুদ্ধে তদন্ত চলছে।ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল মৌজায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের পাশে খাস খতিয়ানভুক্ত ১১৪০ দাগে প্রায় এক কোটি টাকা মূল্যের ২৮ শতক জমি আছে। এ জমি ২০০৯ সালে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মাহফুজ আলম নিজের নামে নিবন্ধন করে নেন। দুটি ভুয়া দলিল তৈরি করে তিনি এ কাজ করেন। এতে আইসঢাল হিন্দুপাড়ার মৃত্যুঞ্জয় সরকার ও যতীন্দ্র চন্দ্র সরকারকে জমির মালিক সাজানো হয়েছে।এর মধ্যে ২৪৬৪ নম্বর দলিলটি ২০০৯ সালের ৩ আগস্ট ও দ্বিতীয় ২৫৪৯ নম্বর দলিলটি নিবন্ধন হয়েছে একই বছরের ২০ আগস্ট। একই বছর মাহফুজ আলম নিজের নামে দলিল দুটি নামজারি (খারিজ) করেন। পরে জমিতে মেসার্স ইসমাঈল বীজ হিমাগার লিমিটেড নামের একটি বিশাল হিমাগার নির্মাণ করেন।ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি খাস জমি ব্যক্তিমালিকানায় নিবন্ধন হওয়ার ঘটনা ফাঁস হয়ে গেলে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কামারপুকুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনিস দিপু সৈয়দপুর উপজেলা ভূমি অফিসে একটি মামলা করেন। মামলায় সরকারি জমি উদ্ধার ও নামজারি (খারিজ) বাতিলের আরজি জানানো হয়।এ মামলার দীর্ঘ শুনানি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোবায়েত খান সরকারের পক্ষে রায় দেন। একই সঙ্গে জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে রায়ে দলিলদাতা, গ্রহীতা ও নামজারি প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীলফামারী জেলা তত্ত্বাবধায়ক (রাজস্ব) আমজাদ হোসেন বরাবরে ৫ জানুয়ারি একটি চিঠি দেওয়া হয়।ওই চিঠির সূত্র ধরে জেলা তত্ত্বাবধায়ক (রাজস্ব) নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদকে একটি প্রতিবেদন পাঠান। পরে জেলা প্রশাসক প্রতিবেদন আমলে নিয়ে সৈয়দপুরের ইউএনও কার্যালয়ে ১১ জানুয়ারি একটি চিঠি পাঠান। চিঠিতে ইউএনও আনারকলি মাহবুবকে জমি-সংক্রান্ত সার্বিক অবস্থা তুলে ধরতে বলা হয়েছে।ইউএনও আনারকলি মাহবুব চিঠি পাওয়ার কথা স্বীকার করে জানান, সরকারি জমি বেহাত হওয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক।জমির ক্রেতা মাহফুজ আলম বলেন, ‘আমি তো বৈধভাবেই জমি কিনেছি। আমার কাছে বৈধ কাগজপত্রও রয়েছে। কেউ আমার সঙ্গে কারসাজি করলে এর দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।’ জমির বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।