কোটি টাকার সরকারি জমিতে যুবলীগের নেতার কচুচাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সরকারি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের জন্য কেনা জমিটি চার বছর ধরে বেদখল হয়ে আছে। প্রায় তিন কোটি টাকার এই জমি দখলে নিয়ে চাষাবাদ করছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম ও তাঁর লোকজন।

মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ জানান, জমিটি কেনার পর সেখানে ‘মেহেরপুর নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়। তার পরও জমিটি যুবলীগের নেতা দখলে নিয়ে তখন থেকেই চাষাবাদ শুরু করেন। দখল হয়ে যাওয়া জমিটি খালি করার জন্য বহুবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় সাংসদকে বলা হয়েছে। কিন্তু জমিটি উদ্ধার হচ্ছে না।

২০০৯ সালের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে দুই কোটি ৮৯ লাখ টাকা মূল্যে ৩ দশমিক ৪৬৭ একর জমিটি কেনা হয়। জমিটি শহরের ওয়াপদা মোড়ে সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল-সংলগ্ন স্থানে অবস্থিত। কিন্তু কেনার পর থেকেই জমিটি যুবলীগের নেতার দখলে চলে যায়।

এ ব্যাপারে সাজ্জাদুল আলম জানান, জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই প্রথম দুই বছর তিনি নিজেই জমিতে চাষাবাদ করেন। পরে জব্বার নামে দলের এক কর্মীর কাছে ছেড়ে দেন। তিনি বলেন, ‘ট্যাক্স লাগলে তাকে দিতে বলেছি।’ তার পরও সিভিল সার্জন জমির দখল নিতে চাইলে তিনি ছেড়ে দেবেন।

শহরের মল্লিকপাড়ার আবদুল জব্বার জানান, দুই বছর আগে যুবলীগের নেতা সাজ্জাদ তাঁকে জমিটি ইজারা দেন। তখন থেকে জমিতে ফসল ও সবজির চাষাবাদ করে আসছেন। প্রতিবার ফলনও ভালো হচ্ছে। এবার কচুতে এক লাখ টাকা লাভ হবে। তিনি জানান, জমিটি সরকারি, তাই যুবলীগের নেতাকে ভাগ দেওয়া লাগে।

এদিকে ওই জমিতে কবে নাগাদ ভবন নির্মাণ হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান অফিস সহকারী আমিনুল ইসলাম জানান, ২০০৭ সালে সরকার মেহেরপুরসহ দেশের পাঁচটি স্থানে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নেয়। তখন থেকে ২০১০ সাল পর্যন্ত ভবন নির্মাণের জন্য অর্থসংস্থান আছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দেয়। তখন ভবন নির্মাণের জায়গা ছিল না। ২০০৯ সালে জমি কেনা হয়। কিন্তু নির্মাণ-প্রক্রিয়া শুরু করতে দেরি হওয়ায় সেই টাকা ফেরত যায়। নতুন করে অর্থ বরাদ্দ না পাওয়ায় ভবনের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।