কোটি টাকার সেতু পড়ে আছে, নৌকাই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু বানাতেই ছয় বছর চলে গেছে। দুই পাশে এখনো বানাতে হবে দেড় কিলোমিটার সড়ক। সড়কের জন্য জমি অধিগ্রহণ করা হয়নি এখনো। এ জন্য প্রায় চার কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের পরও রাজশাহীর মোহনপুর-তানোর উপজেলার মানুষকে গোল্লাপাড়া-সইপাড়া ঘাট দিয়ে শিব নদ পার হতে হয় খেয়া নৌকায় করে। তারা জানে না, তাদের এই দুর্ভোগের শেষ হবে কবে। স্থানীয় বাসিন্দারা জানায়, ২০০১ সালের নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজশাহীর তানোরে এসে এক নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তানোর থেকে মোহনপুর উপজেলায় সরাসরি যোগাযোগের জন্য তানোরের গোল্লাপাড়ায় শিব নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। বিগত চারদলীয় জোট সরকারের নির্বাচনে তানোর-গোদাগাড়ি থেকে আমিনুল হক সাংসদ নির্বাচিত হন। তিনি পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সরকারের শেষ সময়ে এসে তিনি ২০০৬ সালের ৪ মার্চ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২১০ দশমিক ০৫ মিটার দীর্ঘ এই সেতুটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৮২ লাখ টাকা। ২০০৭ সালের ১৫ জুন এর কাজ শেষ হওয়ার কথা ছিল। বাস্তবে সেতুর কাজ শেষ হয় ছয় মাস আগে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুর সঙ্গে সংযোগ সড়কের বরাদ্দ ধরা ছিল না। সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য ১৭ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করার প্রয়োজন পড়বে। এ জন্য প্রায় সাত কোটি টাকা লাগবে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। গত শুক্রবার তানোরের গোল্লাপাড়া ঘাটে গিয়ে দেখা যায়, খেয়া নৌকার জন্য বহু মানুষ বসে আছে ঘাটে। প্রায় এক ঘণ্টা ধরে নৌকার জন্য বসে আছেন তানোরের ধানতৈড় গ্রামের গৃহবধূ নুসেফা খাতুন। তাঁর জিজ্ঞাসা, ‘বিরিজের সড়কের ব্যবস্থা কবে হবে কইতে পারেন?’মোহনপুরের দেবীপুর গ্রামের ফেরিওয়ালা মাহাবুবুল হক জানান, আসার সময় আধা ঘণ্টার বেশি সময় বসে থেকে খেয়া পেয়েছেন। তিনি জানান, খেয়া পারাপারের জন্য এখন ১০ টাকা করে দিতে হয়। তবে সবচেয়ে দুঃখের বিষয়, যখন পানি থাকে না, তখন পায়ে হেঁটে গেলেও ইজারাদারকে ওই ১০ টাকাই দিতে হয়। তিনি জানান, ব্রিজটা চালু না হওয়া পর্যন্ত মানুষের এই দুঃখ যাবে না। তানোর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, সেতুর সঙ্গে সংযোগ সড়কের বরাদ্দ ধরা ছিল না। সেতুর কাজ শেষ হওয়ার পর তাঁরা একটি প্রাক্কলন করে সাত কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব পাঠিয়েছেন। তবে এই বরাদ্দ কাটছাঁট হতে পারে। কিন্তু কবে নাগাদ এটা হতে পারে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।