কোটি টাকার স্কুল ভবন পড়ে আছে অবহেলায়
নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম মাধ্যমিক বিদ্যালয়ের ভবন পাঁচ বছর আগে এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। কিন্তু পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে আজও এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার মৌদাম গ্রামের চার কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। তাই এখানে ২০০৪ সালে বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা খাত মানোন্নয়ন প্রকল্পের (সেসিপ) আওতায় ওই সময় বিদ্যালয় ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। বিদ্যালয়ের জন্য স্থানীয় তিনজন এক একর ৩২ শতক জমি দান করে। ২০০৫ সালের জুলাইয়ে প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়টির পাকা ভবনের নির্মাণকাজ শেষ হয়। বিদ্যালয়ের জন্য ওই সময় উল্লিখিত প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয়। কিন্তু বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে শুরুতেই দ্বন্দ্ব দেখা দেয়। ২০০৫ সালের ১১ নভেম্বর বিএনপির স্থানীয় সাবেক সাংসদ মোহাম্মদ আলী বিধিবহির্ভূতভাবে বোর্ডের প্রজ্ঞাপন অমান্য করে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তখন জমিদাতা তাহির উদ্দিন তালুকদার ওই কমিটির বিরুদ্ধে নেত্রকোনা সহকারী জজ আদালতে মামলা করলে আদালত ওই কমিটিকে অবৈধ ঘোষণা করেন। ২০০৮ সালের জুলাই নেত্রকোণার তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয়ের এক সভায় তৎকালীন ইউএনও হায়দর আলীকে সভাপতি করে ২৩ সদস্যের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেন।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নতুন কমিটি গঠন করার পর দুই বার বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে ২০০৯ সালের মাঝামাঝি সময়ে এলাকাবাসী তৎকালীন ইউএনওকে বিদ্যালয়টি চালুর জন্য তাগিদ দিলে তিনি পরের বছরের জানুয়ারিতে এটি চালু করার কথা বলেন। কিন্তু তিনি অক্টোবর মাসেই অন্যত্র বদলি হয়ে চলে যান।বর্তমান ইউএনও ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।