কোটি টাকায় অধিগ্রহণ করা জমি ১১ বছর ধরে পতিত
তত্কালীন আওয়ামী লীগ সরকারের শেষের দিকে কুমিল্লার মেঘনা উপজেলা কমপ্লেক্সের জন্য ছয় একর জমি অধিগ্রহণ করা হয়। এক কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ, মাটির নিচে ভবনের ভিত্তি স্থাপন ও ওপরে পিলার তোলা হয়। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজ বন্ধ হয়ে যায়। চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও স্থানীয় সাংসদেরা নতুন জায়গায় উপজেলা কমপ্লেক্স নির্মাণ করেন। আগের অধিগ্রহণ করা জায়গাটি বাদ দেওয়ায় সরকারের কোটি টাকা গচ্চা গেছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, অধিগ্রহণ করা জায়গায় বর্তমানে স্থানীয় লোকজন চাষবাস করছেন। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শফিকুল আলম বলেন, ‘বর্তমান উপজেলা কমপ্লেক্স থেকে পুরোনো অধিগ্রহণ করা জায়গায় হেঁটে যেতে ১০ মিনিট লাগবে। এক জায়গা থেকে আরেকটা জায়গা দেখা যায়। রাজনৈতিক প্রতিহিংসাবশত তত্কালীন মন্ত্রী ও এলাকার স্থানীয় সাংসদেরা মিলে এ কাজ করেছেন। এতে সরকারের কোটি টাকা গচ্চা গেছে।’মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ সালে উপজেলাটি স্থাপন করা হয়। তখন প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) ৮৪তম সভায় উপজেলার বড়কান্দা ইউনিয়নের শিবনগর মৌজায় ছয় একর জমি অধিগ্রহণ করা হয়। ২০০০ সালে তত্কালীন আওয়ামী লীগ সরকার ওই জায়গার অর্ধ একর স্থানে উপজেলা কমপ্লেক্স ভবন ও কোয়ার্টার নির্মাণের কাজ শুরু করে। উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য পিলার বসানোর কাজ শেষ না হতেই সরকার পরিবর্তন হয়। পরের বছর চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়। পরে নিকারের ৮৭তম সভায় একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চরপাথালিয়া মৌজায় নতুন করে ছয় একর জমি অধিগ্রহণ করা হয়। ২০০৫-০৬ অর্থবছরে চরপাথালিয়া মৌজায় উপজেলা কমপ্লেক্সসহ অন্যান্য প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ওই স্থানেই উপজেলার প্রশাসনিক কাজ চলছে।সরেজমিনে দেখা গেছে, শিবনগর এলাকায় দাঁড়িয়ে থাকা শতাধিক পিলারে শ্যাওলা জমেছে। পিলার ছাড়া বাকি জমিতে শিবনগর এলাকার বাসিন্দারা কৃষিকাজ করছেন। শিবনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও আবদুল মোতালেব বলেন, ‘জায়গা তো আগে আমাদেরই ছিল। সরকার যেহেতু এখানে কিছু করে না, তাই আমরা ব্যবহার করছি।’ গত ১২ জানুয়ারি মেঘনা উপজেলা পরিষদের ১২তম বিশেষ সভায় ওই জায়গা নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল আলম জানান, যেহেতু সেখানে উপজেলা কমপ্লেক্স হয়নি, তাই জনস্বার্থ বিবেচনায় সেখানে খাদ্যগুদাম, সাব-রেজিস্ট্রি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিল্পকলা বা শিশু একাডেমী, একটি সরকারি উচ্চবিদ্যালয়, উপজেলা ভূমি কার্যালয়, ডাকবাংলো এবং খেলার মাঠ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।মেঘনা উপজেলার ইউএনও উত্তম কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি আমরা জেলা প্রশাসককে জানাব। পুরোনো জায়গায় কিছু প্রশাসনিক ভবন নির্মাণের দাবি তোলা হয়েছে।’কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের বর্তমান সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘শিবনগর নিচু এলাকা হওয়ায় সেখান থেকে উপজেলা কমপ্লেক্স সরানো হয়েছে। সেখানে অনুন্নত যোগাযোগব্যবস্থা। আর বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে। তার ওপর ব্যয় বেশি হবে বিধায় তা সরানো হয়। রাজনৈতিক কারণে সরানো হয়নি।’