কোটি মানুষের ক্ষতি করে বিদ্যুৎকেন্দ্র হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের উপকূলীয় এলাকার প্রায় ৪ কোটি মানুষের ক্ষতি করে বিদ্যুৎকেন্দ্র হতে পারে না। বিদ্যুৎকেন্দ্রের বিকল্প আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের ক্ষতি হবে।
বাগেরহাটে গতকাল রোববার ‘জনযাত্রা’ কর্মসূচি শেষে এক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন। বেলা দুইটার দিকে খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের কাটাখালী মোড়ে মিছিল-সমাবেশ ও এক ঘোষণার মধ্য দিয়ে কমিটির চার দিনের এ কর্মসূচি শেষ হয়। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধে সমাবেশ থেকে সময় বেঁধে দেওয়া হয় সরকারকে।
সুন্দরবন রক্ষায় জনমত তৈরি ও রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার ঢাকা থেকে এ ‘জনযাত্রা’র শুরু করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা গতকাল গাড়িযোগে খুলনা থেকে বাগেরহাট শহরে পৌঁছান।
সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য রুহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে পাঠ করা লিখিত এক ঘোষণায় আনু মুহাম্মদ বলেন, আগামী ১৫ মের মধ্যে সরকার যদি ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরে না আসে তবে সর্বস্তরের জনগণকে নিয়ে লংমার্চ, হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ ও মিছিল করে এ কমিটির উদ্যোগে চার দিনের ‘জনযাত্রা’ কর্মসূচি শুরু হয়। জনযাত্রা সুন্দরবন অভিমুখে যাওয়ার পথে মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনার বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ করেছে। ২০১৩ সালের সেপ্টেম্বরেও সুন্দরবন অভিমুখে লংমার্চ করেছিল এই কমিটি।