কোটিপতি ইসহক দম্পতির কোনো আসবাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইসহক
মো. ইসহক

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী হয়েছেন যশোর জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী মো. ইসহক। তিনি দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। তাঁর স্ত্রী রোখসোনা আখতার ও তিনি কোটি টাকার মালিক। কিন্তু তাঁর বাড়িতে কোনো আসবাব নেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মো. ইসহক তাঁর হলফনামায় এমন দাবি করেছেন। তিনি যশোর-২ আসনে আগেও একাধিকবার দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এ জন্য ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে নির্বাচন করেন। কিন্তু পরাজিত হন।
ইসহক দীর্ঘদিন ধরে যশোরে আইন পেশার সঙ্গে যুক্ত। তাঁর স্ত্রী সরকারি কলেজের সাবেক অধ্যাপক। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে বিবাহিত। আর একমাত্র ছেলে সাকিব সামরান পেশায় শিক্ষানবিশ আইনজীবী।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ইসহকের স্থাবর সম্পত্তি বলতে যশোর শহরের বেজপাড়া এলাকায় একটি দোতলা বাড়ি। যার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। আর তাঁর স্ত্রীর ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে ২১ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে। অস্থাবর সম্পত্তি হিসেবে ইসহকের কাছে আছে ৯ লাখ ৬৮ হাজার ৬৯৬ টাকা এবং তাঁর স্ত্রীর আছে ২ লাখ টাকা। ব্যাংকে জমা আছে নিজের নামে ২৩ লাখ ৩২ হাজার ৬৫৭ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি টাকা। এ ছাড়া নিজের নামে সঞ্চয়পত্র হিসেবে আছে আরও ২০ লাখ টাকা। তিনি আইন পেশা থেকে বছরে আয় করেন ৫ লাখ ৩০ হাজার এবং সঞ্চয়পত্র সুদ থেকে ২ লাখ ৭ হাজার ২৫৩ টাকা।
অস্থাবর সম্পত্তির বিবরণীতে ইসহক আসবাব ও ইলেকট্রনিকস সামগ্রীর অর্জনকালীন মূল্য হিসেবে ১০ হাজার টাকা করে দেখিয়েছেন। এর বাইরে তাঁর বা স্ত্রীর কোনো স্বর্ণ, মূল্যবান ধাতু বা পাথর নির্মিত অলংকারাদি নেই। নেই বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ বা কোনো কোম্পানির শেয়ার। তবে যাতায়াতের জন্য ১০ লাখ টাকা দামের একটি প্রাইভেটকারের মালিক ইসহক।
জানতে চাইলে আইনজীবী ইসহক প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রী সরকারি কলেজের প্রফেসর ছিলেন। তিনি অবসরে গেছেন। তিনি অনেক টাকা পেয়েছেন। আমার তেমন কোনো টাকা নেই। একটা দোতলা ভাঙাচোরা বাড়ি আছে। আমার সোফাসেট, খাট, টিভি, ফ্রিজ আছে। সেগুলো অনেক পুরোনো। বর্তমানে এসব আসবাবের কোনো মূল্য নেই। এ কারণে হলফনামায় সেগুলো উল্লেখ করিনি।’