কোটিপতি হওয়ার অভিনব পন্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল রানা (১৫) সম্পূর্ণ সুস্থ। কিন্তু কিডনি আর লিভার ক্যানসারের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে বেড়াচ্ছে মানুষের কাছে। গতকাল রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাটে সাহায্য চাওয়ার সময় ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে সে। জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ সুস্থ থাকার কথা স্বীকার করে সে কোটিপতি হওয়ার স্বপ্নে এই অভিনব পন্থা অবলম্বন করে বলে জানায়।উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রামের ইউসুফ মাঝির ছেলে সোহেল রানা জানায়, তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়। তার বাবা খুবই গরিব। তাই চার বছর আগে মানুষের কাছ থেকে সে ভিক্ষা নিতে শুরু করে। একপর্যায়ে সহজে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে ‘সাহায্যের আবেদন’ ছাপিয়ে ভিক্ষার অভিনব কৌশল অবলম্বন করে।ব্যবসায়ীরা জানান, কিডনি ও লিভার ক্যানসারের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে গতকাল সকালে রানীরহাটের প্রতিটি দোকানে ঘুরে বেড়ায় সোহেল। কয়েকজন ব্যবসায়ীর সন্দেহ হলে ‘সাহায্যের আবেদন’ লেখা কাগজ পরীক্ষা করেন। আবেদনে সুপারিশ করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরে সিল না থাকায় এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে না পারায় তাকে আটক করেন ব্যবসায়ীরা। জিজ্ঞাসাবাদে স্বাক্ষর দুটি ভুয়া এবং তার সুস্থতার কথা স্বীকার করে সোহেল রানা। রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সোহেল রানা কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অভিনব পন্থায় সাহায্য নেওয়ার কথা তার কাছে স্বীকার করেছে। এ পর্যন্ত সে তিন লাখ ১১ হাজার টাকা সাহায্য পেয়েছে বলে জানিয়েছে। তবে এ কাজ আর করবে না জানিয়ে ক্ষমা প্রার্থনা করলে তাকে ছেড়ে দেওয়া হয়।