কোটিপতির বিপরীতে স্বল্প আয়ের ‘পরামর্শক’
মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর একজন কোটিপতি ব্যবসায়ী। আবার একজনের মাসিক আয় মাত্র তিন হাজার টাকা। স্নাতক পাস প্রার্থীর সঙ্গে আছেন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীও। একজনের পেশা সমাজসেবা, দুজন ঠিকাদার, একজন আইনজীবী ও একজন ‘পরামর্শক’। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে প্রার্থীদের এসব তথ্য জানা গেছে।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হোসেন পেশায় সমাজসেবক। স্নাতক পাস এই প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। অস্থাবর সম্পদ নগদ এক লাখ ৬৪ হাজার ৯৬৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭৭ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণ, টিভি, ফ্রিজ, খাট, আলমারি ও সোফা সেট। তবে ব্যাংক ঋণ রয়েছে ১০ লাখ টাকা। স্থাবর সম্পদ বলতে মাত্র নয় শতাংশ অকৃষি জমি, একটি চার কক্ষবিশিষ্ট দালান ও একটি টিনের ঘর। তবে তার ওপর নির্ভরশীলদের ব্যবসা থেকে বছরে আয় ২৬ লাখ ৯ হাজার ৪৮০ টাকা। বিএনপির এক পক্ষের প্রার্থী মো. ফারুকুজ্জামানের পেশা ঠিকাদারি। তিনিও স্নাতক পাস। তাঁর বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন আছে। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, টিভি, ফ্রিজ, খাট ও অন্যান্য আসবাবপত্র। স্থাবর সম্পদ বলতে ১০ একর কৃষি জমি ও ৩৩ শতাংশ বাড়ির অর্ধেক। তাঁর বছরে কৃষি খাত থেকে ৫০ হাজার, বাড়ি ভাড়া থেকে ৩০ হাজার টাকা আয় হয়।বিএনপির আরেক পক্ষের প্রার্থী মো. আয়ুব হোসেন কোটিপতি ব্যবসায়ী। ঠিকাদার এই প্রার্থী এসএসসি পাস। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের নামে নগদ ৩০ হাজার, স্ত্রীর নামে পাঁচ হাজার; ব্যাংকে জমা নিজের নামে ১৫ লাখ, স্ত্রীর নামে এক লাখ টাকা; নিজের একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ওভেন, এসি, পালঙ্ক, সোফা, ডাইনিং ও সাধারণ টেবিল; স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ইস্ত্রি, ওয়াশিং মেশিন, হিটার সামগ্রী, ড্রেসিং টেবিল, আলমারি, সোফা ও অন্যান্য আসবাব। স্থাবর সম্পদ রয়েছে অকৃষি জমি নিজের নামে ১৬ শতাংশ, স্ত্রীর নামে সোয়া চার শতাংশ। যৌথ মালিকানা ৬৯ শতাংশ জমি। যার পাঁচ ভাগের এক ভাগের মালিক তিনি। একটি টিনশেডের বাড়ি রয়েছে। ঢাকা ব্যাংকের রংপুর শাখায় ঋণ রয়েছে ৬৮ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের দেনা থাকলেও তিনি বছরে আয় করেন বাড়ি ভাড়া থেকে ১৮ হাজার টাকা, ব্যবসা থেকে এক কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা। জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান সিরাজ পেশায় আইনজীবী। স্নাতক পাস হাসানের অস্থাবর সম্পদ রয়েছে নগদ ৩০ হাজার, ব্যাংকে জমা নিজের নামে ৫০ হাজার ও স্ত্রীর নামে চার লাখ টাকা। স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ। স্থাবর সম্পদ কৃষি জমি ৪২ শতাংশ, অকৃষি জমি ২০ শতাংশ ও এককক্ষের বাড়ি। বছরে তাঁর কৃষি খাত থেকে ১২ হাজার, বাড়ি বা দোকান ভাড়া থেকে চার জাহার ৮০০ টাকা আয় হয়। বিশ্বাস মোহাম্মদ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। পেশায় একটি প্রতিষ্ঠানের ‘পরামর্শক’। হলফনামায় ওই প্রতিষ্ঠানের ‘পরামর্শক হিসেবে উল্লেখ করা হলেও বাস্তবে ওই প্রতিষ্ঠানের নিয়োগ করা বেতনভুক্ত কোনো পরামর্শক নেই। তারপরও এ পেশা থেকে তিনি বছরে আয় করেন ৩৬ হাজার টাকা। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।