কোণঠাসা জঙ্গিবাদী শক্তি বিদেশিদের আক্রমণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে বিদেশি নাগরিকদের ওপর আক্রমণের কৌশল গ্রহণ করেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা বলেছেন।
ইতালি ও জাপানি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মেনন ও বাদশা বলেন, জঙ্গিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করে উন্নয়নের ধারায় বিদেশিদের নিরুৎসাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। জঙ্গিবাদী তৎপরতার দায় বিএনপি এড়াতে পারে না, তারা জামায়াতে ইসলামীকে ২০-দলীয় জোটে জায়গা দিয়েছে। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও বাস্তবে তা কার্যকর নয়।
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মোর্চার কেন্দ্রীয় নেতা মুবিন হায়দার চৌধুরী, সিদ্দিকুর রহমান, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন, জোনায়েদ সাকি প্রমুখ এক বিবৃতিতে বলেছেন, দুই বিদেশিকে হত্যার ঘটনা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। বিবৃতিতে শিশুর ওপর গুলি চালানো সাংসদ মন্জুরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।