কোতোয়ালি থানার ওসিকে কারণ দর্শানোর আদেশ
থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত শুরুতে দেরি করায় কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে ওই সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদসহ প্রক্টরিয়াল বডির আটজন সদস্য যৌথভাবে গত ১৫ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালি থানায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের এমবিএ শ্রেণীর ১৪ জন ছাত্রের বিরুদ্ধে একটি জিডি করেন। এতে অভিযোগ করা হয়, কিছু শিক্ষার্থী গত ১৩ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে ক্লাস-কার্যক্রমে বাধা ও ভাঙচুরসহ নৈরাজ্য সৃষ্টি করেন। ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতির পদচ্যুতিসহ কয়েকটি দাবিতে ছাত্ররা এ পরিস্থিতির সৃষ্টি করেন। পরে উপাচার্যের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু ঘটনার পরদিন থেকে অভিযুক্ত ছাত্ররা শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। আদালত সূত্রে জানা গেছে, সাধারণ ডায়েরিতে অধর্তব্য অপরাধের উল্লেখ থাকায় বিষয়টি তদন্তে মহানগর হাকিমের অনুমতি প্রয়োজন হয়। সে অনুসারে গত সোমবার কোতায়ালি থানার পুলিশ এ বিষয়ে তদন্তের অনুমতি চেয়ে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। আদালত গতকাল মঙ্গলবার আবেদনটি পর্যালোচনা করেন। এ সময় তদন্ত শুরু করতে দুই মাস ২৯ দিন দেরি করায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।