কোথাও অবিচার হলে তা সর্বত্র সুবিচারের জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের অপরিহার্য ভূমিকা রয়েছে। ...একজন আইনজীবী হচ্ছেন অফিসার অব দ্য কোর্ট। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তাঁর গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। কোনো নির্দিষ্ট মামলায় কে বিজয়ী হলো আর কে পরাজিত হলো, এটা কোনো বিষয় নয়। মনে রাখা উচিত, কোথাও কোনো অবিচার হলে তা সর্বত্রই সুবিচারের জন্য হুমকি।’গতকাল বৃহস্পতিবার সকালে ‘মহিলা আইনজীবী সমিতি কনভেনশন-২০১১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজধানীর হোটেল রূপসী বাংলায় এই সম্মেলনের আয়োজন করে। প্রধান বিচারপতি বলেন, সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এতে নারী-পুরুষের সমতার কথা বলা আছে। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, জেন্ডারভিত্তিক সমতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি আহ্বানও জানান তিনি। সংগঠনের সভাপতি ফাওজিয়া করিম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জি প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী।