কোথাও উপচে পড়া ভিড়, কোথাও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কিছু বিপণিবিতানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল বিকেলে নিউমার্কেট এলাকা থেকে তোলা ছবি l সাইফুল ইসলাম
রাজধানীর কিছু বিপণিবিতানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল বিকেলে নিউমার্কেট এলাকা থেকে তোলা ছবি l সাইফুল ইসলাম

সকাল থেকেই মেঘলা আকাশ। থেমে থেমে বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো টিপ টিপ। তাই বলে ঈদের কেনাকাটা থেমে নেই। গতকাল শুক্রবার দুপুর ১২টা নাগাদ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে দেখা যায়, বৃষ্টি মাথায় নিয়েই ক্রেতার উপচে পড়া ভিড়। তাঁরা সার বেঁধে ভেতরে ঢুকছেন। ক্রেতাসমাগমে দোকানিরাও খুশি।
তবে কয়েক কিলোমিটার দূরে ধানমন্ডি এলাকার বিপণিবিতানগুলোর চিত্র ছিল আলাদা। ক্রেতা তেমন নেই বললেই চলে। প্রায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী-দোকানকর্মীরা। ২০ রমজানে এবং সাপ্তাহিক ছুটির দিনে এমন অবস্থা আগে কখনো হয়নি বলে জানালেন কয়েকজন।
গতকাল রাজধানীর প্রধান কয়েকটি বিপণিবিতানের কোনোটিতে হয়েছে জমজমাট বিকিকিনি, আবার কোথাও ক্রেতার পথ চেয়ে ছিলেন দোকানিরা।
বসুন্ধরা সিটিমুখী সড়কে ক্রেতাদের বহনকারী যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। ফলে আশপাশের সড়কে ছিল যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ জটে অটোরিকশা আটকে থাকায় বৃষ্টিতে ভিজে গেছেন স্কুলশিক্ষিকা নাজনীন সুলতানা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঢোকার পর বললেন, ‘আগামী শুক্রবারের আগেই গ্রামের বাড়ি যাব। আজকেই সব কেনাকাটা শেষ করতে হবে।’
ওই বিপণিবিতানের তিনটি প্রবেশপথেই ব্যাপক ভিড়। একই অবস্থা বিভিন্ন তলায় পোশাক, জুতা ও গয়নার দোকানগুলোতে।
নানা বয়সী ক্রেতাদের ভিড়, তাই সকাল থেকে ব্যস্ত ছিলেন বিক্রেতারাও। শাড়ির দোকান ‘শালিমার’–এর ব্যবস্থাপক শাহাদাত হোসেন বললেন, ‘এই রমজান মাসে আজকে থেইকা বেচাকিনি জমছে। কালকে এমন চললে আলহামদুলিল্লাহ।’
তবে পণ্যের দাম কিছুটা বেশি বলে মন্তব্য করলেন কেউ কেউ। বেসরকারি চাকুরে মো. ফারুক তাঁর কিশোরী মেয়ের জন্য হালের ট্রেন্ড ‘শারারা’ কিনতে এসেছেন। বললেন, কাপড়ের মান অনুযায়ী দাম কিছুটা বেশি। শারারাসহ মেয়েদের তৈরি পোশাকের দোকান অরণিমা ফ্যাশনের বিক্রয়কর্মী মো. খালেদ বললেন, বেশি দামে কিনতে হয়েছে, তাই কিছুটা দামেই বিক্রি করতে হচ্ছে। কেনাবেচা ভালো চলছে।
দুপুরে নিউমার্কেট এলাকায় গিয়ে ফুটপাত ও পদচারী-সেতুর ওপর গাদাগাদি ভিড় চোখে পড়ে। মার্কেটের ভেতরে সকালে ক্রেতার ভিড় কিছু কম থাকলেও দুপুর থেকে মানুষের ঢল নামে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সেখানকার ব্যবসায়ীরা। পুরোনো শাড়ির দোকান ‘জামদানি স্টোর’-এর সফিউদ্দিন বলেন, অন্য বছরের তুলনায় এবার বিক্রি ১০ ভাগের ১ ভাগ। মনে হয় সামর্থ্যবান লোকজন হয়তো ঈদের কেনাকাটা করতে ভারতে গেছেন।
ধানমন্ডি এলাকার বিপণিবিতান ও বিপণিগুলোতে ক্রেতা ছিল হাতে গোনা। সীমান্ত স্কয়ার, জেনেটিক প্লাজা, সানরাইজ প্লাজা, রাপা প্লাজার চিত্রও প্রায় একই রকম, ফাঁকা ফাঁকা। ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর সীমান্ত স্কয়ার শাখার দায়িত্বে থাকা রবিন হোসাইন বললেন, আগের বছরগুলোর তুলনায় এবার বিক্রি অনেক কম। ক্রেতাই আসছেন না।
তবে এক বিপণিবিতানে কেনাকাটা করতে আসা মো. মাসুম বিল্লাহ বললেন, ‘ভিড়-ধাক্কাধাক্কি নেই, পরিবেশটা ভালো লাগছে।’
বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। নিউমার্কেট এলাকায় ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ও র্যাবের পক্ষ থেকে বুথ খোলা হয়েছে। বিপণিবিতান এলাকাগুলোতে পথচারীদের রাস্তা পারাপার ও যানবাহন নিয়ন্ত্রণেও সাহায্য করছিলেন তাঁরা।