কোথাও উৎসবমুখর পরিবেশ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-৩ (সদর) আসনে প্রতিটি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে সাড়ে ৭ থেকে ১৯ শতাংশ। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি লক্ষ করা যায়নি। এ আসনে জাতীয় পার্টির এইচ এম এরশাদ প্রার্থী ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাসদের সাব্বির আহমেদ।
সরেজমিনে সদর আসনের ২০৬টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটারদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। ছিল না কোনো উৎসবমুখর পরিবেশ। একজন, দুজন করে থেমে থেমে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন। কোনো ভোটকেন্দ্রে সারিবদ্ধভাবে কাউকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়নি।
শহরের রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শেষ সময় পর্যন্ত ৩৫০ জন ভোটার ভোট দিয়েছেন বলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অসিত কুমার বর্মণ জানান। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৩৩৭ জন। ১৫ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে।
লালকুঠি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, এ কেন্দ্রে মোট দুই হাজার ৭৮১ ভোটারের মধ্যে বেলা তিনটা পর্যন্ত ভোট পড়েছে ২০০। এ কেন্দ্রে ভোট পড়েছে সাড়ে ৭ শতাংশ।
জাহেদা খাতুন স্কুল ও কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল আলম জানান, মোট দুই হাজার ৮১৮ ভোটের মধ্যে বিকেল চারটা পর্যন্ত ভোট পড়েছে ৪৫০ জন। এই কেন্দ্রে প্রায় ১৬ শতাংশ ভোট পড়েছে।