সরবরাহ কমে যাওয়ায় টানা এক সপ্তাহ ধরে চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকার আবাসিক গ্রাহকেরা গ্যাস-সংকটে পড়েছেন। সকাল হলেই এসব এলাকার চুলায় গ্যাসের চাপ কমে যাচ্ছে। এদিকে ট্রান্সফরমার নষ্ট হওয়ায় গত তিন দিন ধরে বিদ্যুৎ ভোগান্তিতে আছেন নগরের জালালাবাদ সাব-স্টেশনের আওতাধীন গ্রাহকেরা।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের বৃহত্তর বাকলিয়া, আন্দরকিল্লা ও লালখান বাজারের একাংশ, আসকারদীঘি পাড় এলাকা, মুরাদপুরের মোহাম্মদপুর এবং বন্দর অঞ্চলের ব্যারিস্টার সুলতান আহমদ কলেজ-সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন সকাল থেকে গ্যাসের চাপ কমে যাচ্ছে। অনেক এলাকায় চাপ কমতে কমতে সেটি না থাকার পর্যায়ে চলে যায়। দুপুরের পর গ্যাস এলেও মিটমিট করে চুলা জ্বলে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে হতে রাত হয়ে যায়।
কর্ণফুলী গ্যাস বিতরণ লিমিটেড কোম্পানি সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাহিদা ৪৭০ মিলিয়ন ঘনফুট। কিন্তু বিপরীতে পাওয়া যাচ্ছিল ২৩০ থেকে ২৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে গত ২৮ জুন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) চালু হয়। সেখানে গড়ে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে। এ কারণে কয়েকটি এলাকায় গ্যাস কম পাওয়া যাচ্ছে।
কর্ণফুলী গ্যাস বিতরণ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক অনুপম দত্ত প্রথম আলোকে বলেন, হঠাৎ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় নগরের কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। ২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেলেই আবাসিকে গ্যাসের এই সংকট কেটে যাবে।
গ্যাস-সংকটের কারণে ওই সব এলাকার বাসিন্দাদের জীবনযাপনেও ছন্দপতন ঘটেছে বলে ভুক্তভোগীরা জানান। ভোরে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকতে হচ্ছে তাঁদের।
বাকলিয়ার কালামিয়া বাজারের বাসিন্দা লাকী আক্তার ক্ষোভের সঙ্গে বলেন, কিছু দিন পরপরই এই যন্ত্রণা সহ্য করতে হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় তাঁর বাসার চুলায় গ্যাস চলে যায়। বিকেল চারটার আগে আর গ্যাসের দেখা পাননি। আগের দিন বুধবার বিকেলে শুধু দুই ঘণ্টা গ্যাস পেয়েছেন। বাধ্য হয়ে ভোররাতে রান্না করছেন তিনি।
বাকলিয়ার মিয়াখান নগরের বাসিন্দা মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, ‘সাত-আট দিন ধরে ভোর থেকে গ্যাস পাচ্ছি না। দুপুরে এলেও মিটমিট করে চুলা জ্বলে। রাতে গ্যাসের চাপ মোটামুটি থাকে। এভাবে কত দিন চলবে?’ এই প্রশ্ন করেন তিনি।
মুরাদপুরের মোহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা রুবায়েত শরীফ প্রথম আলোকে জানান, গতকাল সকাল থেকে চুলা জ্বলছিল না। দুপুরের পর গ্যাস এলে রান্নাবান্নার কাজ শুরু হয়।
এদিকে বিদ্যুৎ-সংকটে ভুগছেন নগরের বেবি সুপার মার্কেট, কসমোপলিটন, হিলভিউ ও বাংলাবাজারসহ আশপাশের ১২ হাজার গ্রাহক। গত মঙ্গলবার বিকেলে পিডিবির জালালাবাদ সাব-স্টেশনের একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে এই সংকট দেখা দেয়। এলাকাগুলোতে রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে পিডিবি।
বেবি সুপার মার্কেট এলাকার বাসিন্দা আরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার থেকে বিদ্যুতের আসা-যাওয়ার মধ্যে আছি। দিনে ৮-১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছি না।’
পিডিবির দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন একটি ভবনের নিরাপত্তাকাজে ব্যবহৃত চটের বেস্টনি ছিঁড়ে মঙ্গলবার বিকেলে জালালাবাদ উপকেন্দ্রের তারের ওপর পড়ে। এতে উপকেন্দ্রের একটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। শনিবার নতুন ট্রান্সফরমার বসানো হবে।