চট্টগ্রাম নগরের আরাকান সড়কের বহদ্দারহাট থেকে বাস টার্মিনাল পর্যন্ত দূরত্ব আধা কিলোমিটার। সড়কের পশ্চিম পাশে রয়েছে পাঁচ ফুট চওড়া নালা। নালার ওপর দেওয়া স্ল্যাবের ফুটপাতে সব সময়ই হাঁটাচলা রয়েছে মানুষের। কিন্তু এই আধা কিলোমিটার দূরত্বে কমপক্ষে পাঁচটি স্থানে নালার ওপরের স্ল্যাব ভেঙে গর্ত হয়ে আছে। আবার একটি স্থানে নালা ১০ ফুটের মতো উন্মুক্ত। এসব অংশে কোনো সতর্কতামূলক চিহ্ন নেই।

নগরের আরাকান সড়কের মতো সিডিএ অ্যাভিনিউ ও আগ্রাবাদ এক্সেস রোডের কিছু স্থানে নালা উন্মুক্ত, কোথাও স্ল্যাব নেই। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। তিনটি সড়কই ভারী বৃষ্টি হলে তলিয়ে যায়। হাঁটু থেকে কোমরপানি জমে সড়কে। তখন কোথায় নালা, কোথায় রাস্তা তা বোঝার উপায় থাকে না। ফলে বৃষ্টি হলেই আশঙ্কা থাকে দুর্ঘটনার।
গত দুই বছরে জলাবদ্ধতার সময় নগরের উন্মুক্ত নালায় পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২ জুলাই রাতে বৃষ্টির সময় নগরের মোহাম্মদ আলী সড়কের পাশের নালায় পড়ে মারা যান শীলাব্রত বড়ুয়া নামের সাবেক এক সরকারি কর্মকর্তা। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তা ও নালা পানিতে একাকার হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়া নালাগুলোর ওপর অবশ্যই স্ল্যাব থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক মো. রবিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, যেখানে স্ল্যাব থাকবে না সেখানে সতর্কতামূলক নির্দেশনা টানিয়ে দিতে হবে।
সরেজমিনে দেখা গেছে, আরাকান সড়কের আধা কিলোমিটারের ওই অংশের মধ্যে চান্দগাঁওয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের চট্টগ্রাম ক্যাম্পাসের সামনের নালার মধ্যে স্ল্যাব ভেঙে পড়ে আছে। এই ক্যাম্পাস থেকে প্রায় তিন শ মিটার দূরত্বের চান্দগাঁও আবাসিক এলাকার মোড় পর্যন্ত কয়েকটি অংশে দুটি স্ল্যাবের জায়গায় একটি আড়াআড়ি করে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। আবার চান্দগাঁও আবাসিক এলাকার প্রবেশমুখের পাশে নালার প্রায় ১০ ফুট উন্মুক্ত। এসব এলাকায় পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে।
চান্দগাঁও আবাসিক এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সিডিএ অ্যাভিনিউ সড়কে ষোলশহর বন গবেষণা ইনস্টিটিউট এলাকা। এখানে দক্ষিণ পাশে তিন ফুট চওড়া নালার প্রায় ৫০০ গজ পর্যন্ত উন্মুক্ত।
চট্টগ্রাম নগরে কী পরিমাণ নালার ওপর স্ল্যাব আছে সেই তথ্য সিটি করপোরেশনের কাছে নেই। এ ব্যাপারে জরিপ করা হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, অনেক জায়গায় নালার ওপর থেকে স্ল্যাব সরে গেছে। কোথাও স্ল্যাব ভেঙে হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে।