কোথাও বৃষ্টি কোথাও তাপপ্রবাহ
দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই রকম অবস্থা থাকবে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনাজপুর, সৈয়দপুর, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, রংপুর
ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ কমতে পারে।