
ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকার চারটি লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিবন্ধক) দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে। এ ছাড়া শহর ও শহরতলির আরও চারটি লেভেল ক্রসিংয়ে কোনো প্রতিবন্ধকই নেই। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে ওই সব স্থানে।
সরেজমিনে দেখা যায়, চারটি লেভেল ক্রসিংয়ে রেললাইনের দুই দিকে ব্যারিয়ার বা লৌহদণ্ড থাকলেও এক পাশের দণ্ড নষ্ট। এতে ট্রেন অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ের এক দিক অরক্ষিত থাকে।
রেলওয়ে ময়মনসিংহ অঞ্চলের প্রকৌশল বিভাগ ও ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, পাটগুদাম এলাকায় ময়মনসিংহ-ভৈরব ও ঢাকা-ময়মনসিংহ রেলপথের এক পাশের লৌহদণ্ডটি প্রায় ৯ মাস ধরে বিকল। শহরের সানকিপাড়া এলাকায় ময়মনসিংহ-জামালপুর রেলপথের প্রতিবন্ধকটি কয়েক মাস ধরে বিকল। একই পথের সি কে ঘোষ রোড এলাকার লেভেল ক্রসিংটির এক পাশের ব্যারিয়ার মাসখানেক আগে বিকল হয়ে পড়ে।
রেলওয়ের প্রকৌশল বিভাগ জানায়, লেভেল ক্রসিংগুলোতে নতুন লৌহদণ্ড স্থাপনের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ শহর ও শহরতলিতে আরও চারটি লেভেল ক্রসিং আছে। কিন্তু সেগুলোতো কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধক এমনকি ওই জাতীয় কোনো স্থাপনা নেই। দীর্ঘদিন ধরে ওই চারটি লেভেল ক্রসিংও তাই অরক্ষিত। লেভেল ক্রসিং চারটি হলো ময়মনসিংহ-ঢাকা রেলসড়কের বলাশপুর বাইপাস ও কেওয়াটখালী, ময়মনসিংহ-জামালপুর রেলসড়কের কলেজ রোড ও ইটাখলা রোড।
সম্প্রতি ওই সব লেভেল ক্রসিংয়ে দেখা যায়, ট্রেন যাওয়ার সময় দুটি লেভেল ক্রসিংয়ে এক পাশের ব্যারিয়ার নামানো হলেও অপর পাশের ব্যারিয়ার থাকে না। রেল ফটকের প্রহরীরা (গেটম্যান) এক পাশে দাঁড়িয়ে হাত নেড়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। এ সময় অনেক মোটরসাইকেল আরোহীকে দেখা যায়, প্রহরীদের বাধা না মেনে ঝুঁকি নিয়ে লেভেল ক্রসিং পার হচ্ছেন।
ময়মনসিংহ-ভৈরব রেললাইনের দায়িত্বে থাকা প্রহরী আতিকুর রহমান বলেন, ‘প্রায় ৯ মাস ধরে এক পাশের দণ্ড নষ্ট। কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আমি নিজে দাঁড়িয়ে থেকে এক পাশের যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। অনেক যানবাহন বাধা মানে না।’
সানকিপাড়া লেভেল ক্রসিংয়ের গেটম্যান আব্দুস ছালাম বলেন, ব্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার পর রেলওয়ের পক্ষ থেকে বাঁশ দিয়ে বিকল্প প্রতিবন্ধক দেওয়া হয়। কিন্তু বাঁশের প্রতিবন্ধক খুব একটা কাজের না বলে জানালেন এই গেটম্যান।
বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা জানান, ব্যারিয়ার না থাকায় ওই সব লেভেল ক্রসিংয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আরাফাত হোসেন নামের এক ইজিবাইক চালক বলেন, ‘ব্যারিয়ার না থাকায় অনেক সময় ট্রেন আসার সংকেত আমরা বুঝতে পারি না। এতে ইজিবাইক ও রিকশার চালকেরা ওই এলাকায় গিয়ে বিড়ম্বনায় পড়ে।’
পথচারী শরীফ আহমেদ বলেন, শহরের ব্যস্ততম এলাকার লেভেল ক্রসিংয়ের দণ্ড না থাকায় ট্রেন আসার সময় বিভিন্ন যানবাহনকে নিয়ন্ত্রণহীন অবস্থায় দেখা যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট ও স্টেশনের ট্রাফিক বিভাগের প্রধান হরিগোপাল সেন বলেন, ‘নতুন করে ব্যারিয়ার স্থাপন করা প্রকৌশলের বিভাগের দায়িত্ব। আমরা প্রকৌশল বিভাগকে বিষয়টি জানিয়েছি।’
রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের সহকারী প্রকৌশলী সিরাজ জিন্নাত বলেন, শহরের চারটিসহ শহরের বাইরের মোট ১১টি প্রতিবন্ধক নতুন করে স্থাপন করা হবে। এর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।