সকাল আটটা ২৫ মিনিট। বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে স্থাপিত দুটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারের দীর্ঘ সারি। কিন্তু তখনো ভোট গ্রহণ শুরু করতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা। ওই বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুজিত কুমার দাশ বলেন, ‘সময়মতো এজেন্টরা না আসায় ভোট নেওয়া যাচ্ছে না, এখনো এজেন্ট নিয়োগের কার্যক্রম চলছে।’
এই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রেও একই চিত্র। আটটা ২৮ মিনিটে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাকে দেখা যায় আ জ ম নাছির উদ্দিনের হাতি মার্কার কোন এজেন্ট কোন বুথে বসবেন, তা তিনিই দেখিয়ে দিচ্ছেন। এটি পুলিশের কাজ কি না তা জানতে চাইলে তিনি খেপে যান।
ব্যতিক্রমী দৃশ্য
সকাল ১০টা। বাকলিয়া আবদুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্র। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ২ হাজার ৮৭ জন ভোটারের মধ্যে ২০০ ভোট পড়েছে। ওই কেন্দ্রের একটু দূরে হাসনা হেনা উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্রেও নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। পরিবেশও শান্তিপূর্ণ।
পৌনে এক ঘণ্টা রণক্ষেত্র
বেলা সোয়া ১১টা। চরচাকতাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও চরচাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী এস এম শহীদুল্লাহ ও বিএনপি-সমর্থিত ইয়াছিন চৌধুরীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষে দুপুর ১২টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলে। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় সাধারণ ভোটাররা এদিক-ওদিক ছুটতে থাকেন। এই তিনটি কেন্দ্রের ভেতরে অবস্থান নেওয়া পুলিশ ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
চরচাকতাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান জানান, হামলাকারীরা যেন কেন্দ্রে ঢুকতে না পারে এ জন্য পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গোলযোগের কারণে বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব এলে ভোট গ্রহণ পুনরায় শুরু হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ এন সাইফুল আলম জানান, সংঘর্ষের সময় আতঙ্কিত হয়ে কেন্দ্রের একজন নারী কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়েন। ভোটাররাও আতঙ্কিত হয়ে পড়েন।
এর আগে সকাল সাড়ে ১০টায় মোজাহেরুল উলুম মাদ্রাসা কেন্দ্রের বাইরেও দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা, হকিস্টিক ও ধারালো কিরিচ নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় অনেক নারী ভোটারকে ফিরে যেতে দেখা যায়। পরে বাকলিয়া থানা-পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত দেয়।
শুধুই হাতি: সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বাকলিয়া এলাকার ১৭টি কেন্দ্রের প্রতিটিতেই কেন্দ্রের বাইরে গলায় হাতি প্রতীকের কার্ড ঝোলানো যুবকদের তৎপরতা দেখা গেছে। তবে মনজুর আলমের কমলালেবু প্রতীকের সমর্থকদের দেখা যায়নি।