কোথাও সহযোগিতা পেল না অন্তঃসত্ত্বা কিশোরীটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার শিকার এক স্কুলছাত্রী সালিসে বিচার পায়নি। গর্ভের সন্তান নষ্ট করার জন্য তাকে মারধর করা হয়েছে। হাসপাতালে ভর্তি হলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসক নাম কেটে মেয়েটিকে বের করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুরেশ্বর গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রতিবেশী ইব্রাহিম খানের ছেলে সাদ্দামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ মাস আগে সাদ্দাম বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে বিয়ের জন্য সাদ্দামকে চাপ দেয়। গত ২৫ আগস্ট গর্ভপাত ঘটানোর জন্য সাদ্দাম কৌশলে ওই ছাত্রীকে হাসপাতালে নিলে বিষয়টি টের পেয়ে সে পালিয়ে এসে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।১ সেপ্টেম্বর রাতে ঘড়িসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে সুরেশ্বর গ্রামে এ ব্যাপারে সালিস বসে। তবে সাদ্দাম সালিসে অভিযোগ অস্বীকার করায় বিষয়টি সুরাহা হয়নি। ২ সেপ্টেম্বর মেয়েটির বাবা নড়িয়া থানায় সাদ্দামের বিরুদ্ধে মামলা করেন।মেয়েটির বাবা বলেন, ‘৫ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা মুখ-চোখ বেঁধে আমার মেয়েকে বাড়ির পাশের বাগানে নিয়ে মারধর করে ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা গর্ভের সন্তান নষ্ট করার জন্য ওর পেটে আঘাত করে। রাত ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করলে অপরিচিত কয়েকজন যুবক গিয়ে আমাদের ভয়-ভীতি দেখায় এবং হাসপাতাল থেকে চলে যেতে বলে। পরের দিন সকাল আটটার দিকে ডাক্তার এসে নাম কেটে আমাদের হাসপাতাল থেকে বের করে দেন।’সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রীটিকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করান এবং তাঁর ব্যবস্থাপত্রে গাইনি ডাক্তারকে দেখানোর ও আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মাহে আলম মেয়েটিকে কোনো চিকিৎসাসেবা না দিয়ে নাম কেটে হাসপাতাল থেকে বের করে দেন। বর্তমানে ছাত্রীটি তাঁর বাড়িতে রয়েছে।ভুক্তভোগী কিশোরী কান্নাজড়িত কণ্ঠে এ প্রতিবেদককে বলে, ‘সাদ্দাম আমার সর্বনাশ করেছে। নানাভাবে চেষ্টা করতেছে গর্ভের সন্তানটিকে নষ্ট করার জন্য। আমার ও আমার গর্ভের সন্তানের জীবন অনিশ্চয়তার মধ্যে আছে। সন্তানের স্বীকৃতি না পেলে আমি সমাজে কীভাবে বাঁচব?’ঘড়িসার ইউপির চেয়ারম্যান আবদুর রব হাওলাদার বলেন, ‘মেয়েটির পরিবার আমার কাছে অভিযোগ করলে সমঝোতার জন্য দুই পরিবারকে নিয়ে বৈঠক করেছিলাম। কিন্তু মতপার্থক্য থাকায় সমঝোতা সম্ভব হয়নি।’ চিকিৎসক মাহে আলম বলেন, ‘মেয়েটি সুস্থ থাকায় তাকে ছুটি দেওয়া হয়েছে। তা ছাড়া এ রোগীটি গাইনি বিভাগের। এর কোনো চিকিৎসা আমার কাছে না থাকায় তাকে ছুটি দিয়েছি।’ ভর্তি হওয়ার পর হাসপাতালের চিকিৎসক মনির হোসেন মেয়েটির ব্যবস্থাপত্রে তাকে গাইনি ডাক্তার দেখানো ও আলট্রাসনোগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন—এ কথা স্মরণ করিয়ে দিলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।মামলা হওয়ার পর থেকে সাদ্দাম পলাতক রয়েছেন। বাড়িতে গিয়ে তাঁর বাবা ইব্রাহিম খানকেও পাওয়া যায়নি। সাদ্দামের ভাবি মোর্শেদা বেগম বলেন, ‘এ ঘটনার সঙ্গে সাদ্দাম, না অন্য কেউ জড়িত—তা আমরা জানি না।’ নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।