কোথায় কখন ঈদের জামাত
ঘরে ঘরে চলছে ঈদের প্রস্তুতি। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। খুশির জোয়ারে ভাসবে আবালবৃদ্ধবনিতা। ঘুম থেকে জেগেই মানুষ প্রস্তুতি নেবে ঈদের জামাতের। দলে দলে ছুটবে ঈদগাহের পানে।
পাঁচ মহানগরের কোথায় কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা—
রাজশাহী: প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় হজরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি হলে একাধিক জামাত হবে হজরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে। এ ছাড়া সাহেববাজারের বড় রাস্তা ও টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে সাড়ে আটটায়, বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া) সোয়া আটটায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে আটটায়, সিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠে সোয়া আটটায় ও হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে আটটায় জামাত হবে। আটটা ও পৌনে নয়টায় দুটি জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে।
বরিশাল: সাড়ে আটটায় কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে। এ ছাড়া সাড়ে আটটা ও সাড়ে নয়টায় সদর রোড বায়তুল মোকাররম মসজিদ ও পুলিশ লাইনস জামে মসজিদ এবং সাড়ে আটটা ও ১০টায় চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদ ও জামে কশাই মসজিদে ঈদের জামাত হবে। আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে নগরের ৩০টি ওয়ার্ডের মসজিদ ও ময়দানে ঈদের জামাত সম্পন্ন হবে।
সিলেট: সবচেয়ে বড় জামাত হবে শাহি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। সিটি পয়েন্ট এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে হবে তিনটি জামাত—আটটা, সাড়ে আটটা ও নয়টায়। এ ছাড়া হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নয়টায় ও সরকারি রেজিস্টারি মাঠে সাড়ে ১০টায় জামাত হবে।
খুলনা: প্রধান জামাত হবে সাড়ে আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে। এ ছাড়া খুলনা টাউন জামে মসজিদে জামাত হবে সাড়ে নয়টায়। বৃষ্টি হলে সেখানে জামাত হবে তিনটি—আটটায়, নয়টায় ও ১০টায়। এ ছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সাড়ে আটটায়, খালিশপুর ঈদগাহ ময়দানে সোয়া আটটায় ও বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত হবে নয়টা ও ১০টায়।
রংপুর: প্রধান জামাত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সাড়ে আটটায়। এ ছাড়া পুলিশ লাইনস মাঠে পৌনে আটটায়, মুন্সিপাড়া কবরস্থান মাঠে নয়টায়, কেরামতিয়া মসজিদে নয়টায় ও ১০টায় এবং সদর উপজেলা পরিষদ মাঠ, হাবু বড় ময়দান, শালবন মিস্ত্রিপাড়া মাঠ ও মাহিগঞ্জ শাহি মসজিদ মাঠে নয়টায় জামাত অনুষ্ঠিত হবে।
[তথ্য পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রংপুর, বরিশাল ও খুলনা অফিস এবং সিলেট প্রতিনিধি]