বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি নয় বরং আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায়। এ কারণে ক্ষমতাসীনেরা মিয়ানমারের সেনাবাহিনী ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) যৌথ টহল অভিযানের প্রস্তাব দিচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, ‘কোথায়, কার বিরুদ্ধে এই অভিযান চালানো হবে? যাদের হত্যা-ধর্ষণ করা হচ্ছে, যাদের শিশুদের মেরে ফেলা হচ্ছে, গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে? সেখানে বিজিবি থাকবে?’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল এই আলোচনা সভা করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারের মনোভাব ঠিক বুঝতে পারছি না। রোহিঙ্গা ইস্যুতে সরকার সংসদে বলেছে, এ সমস্যা সমাধানে মিয়ানমার সরকারকে চাপ দেওয়া উচিত। অথচ তারা একবারও মিয়ানমার যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে, তার নিন্দা জানায়নি। আমরা এর নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’
প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব প্রতিবাদে সোচ্চার হলেও এরা (সরকার) এখনো দ্বিধাদ্বন্দ্বে। আমরা কিছুটা খুশি, দেরিতে হলেও উনি (প্রধানমন্ত্রী) রোহিঙ্গাদের দেখতে এবং ত্রাণ বিতরণ করতে গেছেন। এত দিনে বোধোদয় হয়েছে। তবে এখনো পুরোপুরি হয় নাই, সুযোগ পেলেই বিএনপিকে দোষারোপ করে বসেন।’
আগামী নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, সহায়ক সরকারের যে প্রস্তাব বিএনপি দিতে যাচ্ছে, সেই মোতাবেক একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন।
যুবদলের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।