কোথায় নেই তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

‘এক জীবনে একজন মানুষ আর কত করতে পারেন! তাঁর কাজ কখনো শেষ হয়নি। কোথায় নেই তিনি!’
আজ সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। হাবিবুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে সাতসকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন মো. রনি। স্ত্রী রাশেদা আক্তারের হাতে দুটি গোলাপ। তাঁরা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এসেছেন। মো. রনি একটি পটেটো চিপস কারখানার কর্মী। তিনি আজ সোমবার কাজে যাননি।
মো. রনি বলেন, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের স্বল্পসময়ের শাসনামল ছিল চমত্কার। তিনি জাতির অভিভাবক ছিলেন, ছিলেন বিবেক।
রনি যেমন আজ সপরিবারে শ্রদ্ধা জানাতে আসেন, বিভিন্ন ক্ষেত্রে যাঁরা দেশের প্রতিনিধি—তাঁরাও। এসেছেন গতকাল মন্ত্রিসভায় স্থান পাওয়া তিনজন মন্ত্রী, রাজনীতিক, আমলা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ অনেকে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ১৯৯৬ সালে নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। তাঁর ভাষায় বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন বলে দেশ গণতন্ত্রের পথে থাকতে পেরেছে। বিচারকাজে অসাধারণ দক্ষতার জন্য তিনি তাঁর সতীর্থ-বোদ্ধাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।
এশিয়াটিক সোসাইটির সহসভাপতি মাহফুজা খানম ষাটের দশকের ছাত্র আন্দোলনের স্মৃতিচারণা করেন। ডাকসুর সাবেক ভিপি মাহফুজা সরকারবিরোধী আন্দোলনে আটক বন্ধুদের ছাড়িয়ে আনার প্রয়োজন হলে ছুটতেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের কাছে। তিনি উদারচিত্তে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন তাঁদের। একই সঙ্গে ধার্মিক ও অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক মুহাম্মদ হাবিবুর রহমান।
অধ্যাপক আনিসুজ্জামান তাঁর স্মৃতিচারণায় বলেছেন, ‘কোরআনসূত্র থেকেই পরে লিখিত হয় কোরআন শরিফের সরল বঙ্গানুবাদ। তিনি ধার্মিক মানুষ ছিলেন। এ কাজটি তাঁর আত্মতৃপ্তির কারণ হয়েছিল।’ তিনি রবীন্দ্রনাথের অনুরাগী ছিলেন, লিখেছেন গবেষণাধর্মী বই। বাংলা ভাষাকে জীবনভর ভালোবেসেছেন তিনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমেছেন। তাঁর মৃত্যুতে ঘরে বসে থাকতে পারেননি ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীর কাছে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের সুহূদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্বপালনের শেষ দিনে তিনি তাঁর তহবিলে উদ্বৃত্ত টাকা দিয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরকে।
মুহাম্মদ হাবিবুর রহমানের চোখে সবাই সমান, এশিয়াটিক সোসাইটির সভাপতি ও নগরবিদ নজরুল ইসলাম তাঁর স্মৃতিচারণায় এ প্রসঙ্গটি টেনে আনেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা হয়েছে। উদ্বোধন করতে গিয়েছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। নজরুল ইসলামের কাছে বস্তিবাসীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তথ্য চেয়েছিলেন কিছু। ব্যস্ততার কারণে পৌঁছাতে পারেননি। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাতারে দাঁড়িয়ে আক্ষেপের কথা বললেন। যাঁরা আজ মিলিত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, যাঁরা দূর থেকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে সবার কাছে তিনি একজন পূর্ণ মানুষ।
দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলা একাডেমীতে নিয়ে যাওয়া হয় মুহাম্মদ হাবিবুর রহমানের মরদেহ, সেখান থেকে তাঁর চিরচেনা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। বেলা দুইটার দিকে তাঁকে নিয়ে যাওয়া হয় গুলশানে আজাদ মসজিদে।