কোথায় যাবেন আয়শা বেগম?

ভরণপোষণ দেওয়ার কেউ নেই। শরীরে বাসা বেঁধেছে বার্ধক্যজনিত নানা রোগ। স্মৃতিশক্তি হারিয়েছেন অনেকখানি। এ অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছেন আয়শা বেগম (৮০)।
গত বুধবার সন্ধ্যার পর গৌরীপুর পৌর শহরের রিকশাপট্টি এলাকার একটি পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন আয়শা বেগম। ওই সময় স্থানীয় কয়েকজন নারী টের পেয়ে তাঁকে উদ্ধার করেন। উদ্ধারকারী নারীদের একজন বলেন, আয়শা বেগম ইচ্ছা করে পুকুরে ঝাঁপ দিয়েছেন। তবে একাধিক নারী অবশ্য বলেন, আয়শা বেগম পক্ষাঘাতগ্রস্ত। তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। পানিতে ঝাঁপ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। দুর্ঘটনাবশত তিনি হয়তো পুকুরে পড়ে গিয়েছিলেন। তারপর আর উঠতে পারছিলেন না। তবে আয়শা বেগম নিজে পুকুরে পড়ে যাওয়ার বিষয়ে কিছু বলতে পারেননি।
পুকুরে পড়ে হাবুডুবু খাওয়া নিয়ে বিতর্ক থাকলেও আয়শা বেগমের অসহায়ত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। তাঁর বাড়ি গৌরীপুর উপজেলার পৌর শহরের রিকশাপট্টি এলাকায়। প্রতিবেশীরা বলেন, মুক্তিযুদ্ধের পরপরই আয়শা বেগমের স্বামী মারা যান। কোনো সন্তান নেই। একটি পালক মেয়ে ছিল। গৌরীপুর বাজারে কলা বিক্রি করে তিনি নিজের আর পালিত মেয়ের ভরণপোষণ চালাতেন। বিয়ের পর মেয়ে ঢাকায় চলে যান। আয়শা বেগম অসুস্থ হয়ে পড়লে পালক মেয়ে তাঁকে ঢাকায় নিজের কাছে নিয়ে যান।
স্থানীয় ব্যক্তিরা বলেন, গত মঙ্গলবার ওই মেয়ে আয়শাকে গৌরীপুর পৌর শহরের রাস্তায় বসিয়ে রেখে চলে যান। তাঁদের ধারণা, পক্ষাঘাত আর বার্ধক্যজনিত রোগে জর্জরিত আয়শা বেগম পালক মেয়ের কাছে বোঝা হয়ে উঠেছিলেন। বৃদ্ধার প্রতিবেশীরা ওই মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।
গত বুধবার সন্ধ্যায় পুকুর থেকে উদ্ধারের পর স্থানীয় সাংবাদিক রইছ উদ্দিনের উদ্যোগে প্রতিবেশীরা আয়শাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে পরদিন গত বৃহস্পতিবার সকালেই তিনি হাসপাতাল ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে এই বৃদ্ধাকে গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, আয়শা বেগম কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে চলে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আক্তার বেগম বলেন, ‘বিষয়টি স্থানীয় একজন সাংবাদিকের কাছ থেকে শুনেছি। আমি জরুরি মিটিংয়ে ময়মনসিংহ শহরে থাকায় খোঁজ নিতে পারিনি। গৌরীপুর ফিরে খোঁজ নেব।’