কোদাল দিয়ে কপোতাক্ষ খননের দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঝুড়ি-কোদাল ব্যবহার করে কপোতাক্ষ নদ খননের দাবিতে গত বুধবার খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।এদিকে, গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলনে ডুমুরিয়ার নরনিয়া স্লুইসগেট সচল রাখার দাবি জানানো হয়েছে।বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কপিলমুনির কাশিমনগর থেকে মামুদকাটি মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের দুই পাশে এ মানববন্ধন করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী যুগল কিশোর দের সভাপতিত্বে বক্তব্য দেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, শেখ রিজাউল করিম, আফসার আলী প্রমুখ।বক্তারা বলেন, কপোতাক্ষ নদে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে সরকারের নেওয়া তিন কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে পলি অপসারণ প্রকল্প নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে। ঠিকাদারদের দুর্নীতি, অনিয়ম আর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতির কারণে দুই মাসেও ২০ কিলোমিটার পলি খননের এই কাজ হয়নি। এ ছাড়া প্রকল্পে এস্কেভেটর দিয়ে খনন করে মাটি ফেলা হচ্ছে নদেই। ফলে জোয়ারের পানিতে পলি পড়ে আবারও আগের অবস্থায় ফিরে যাবে।বক্তারা বলেন, কপোতাক্ষকে বাঁচিয়ে রাখতে জোয়ারে আসা পলি বন্ধ করতে হবে এবং খনন প্রকল্পের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঝুড়ি-কোদাল ব্যবহার করে মানুষ দিয়ে করাতে হবে।সাতক্ষীরা প্রেসক্লাবে গতকাল দুপুর ১২টায় পানি কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পানি কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পানি কমিটির নরনিয়া স্লুইসগেট অঞ্চলের আহ্বায়ক মিয়াজান মোড়ল। তিনি বলেন, পলি পড়ে কপোতাক্ষ নদ ভরাটের ফলে তীরের বাসিন্দারা অন্তত দুই দশক ধরে জলাবদ্ধতার শিকার। এবারের বন্যায় এই জনপদের বিস্তৃত এলাকা তিন মাস ধরে পানিতে তলিয়ে আছে। দ্রুত পানিনিষ্কাশনের জন্য ডুমুরিয়ার নরনিয়া স্লুইসগেট দিয়ে পানি চলাচলের পথ উন্মুক্ত করতে হবে।