জলাবদ্ধতা নিরসনে খননের পরিবর্তে কচুরিপানা ও আগাছা পরিষ্কারের কাজ চলছে মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালীছড়া ছড়ায়। কাদামাটি ও আগাছা পরিষ্কার করে ছড়ার দুই পাড় ঘেঁষেই রাখা হচ্ছে। ফলে বৃষ্টির পানিতে এই কাদামাটি ও আগাছা আবার ছড়ায় চলে এলে এই পরিচ্ছন্নতা কর্মসূচি কোনো কাজে আসবে না বলে এলাকাবাসী মনে করছে।জানা যায়, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে কোদালীছড়ার লোদ বা কাদামাটি এবং কচুরিপানা, ঘাস ও বিভিন্ন ধরনের আগাছা পরিষ্কার করা হচ্ছে। ছড়া পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, কোদালীছড়ার মৌলভীবাজার শহরের ফাটাবিল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের কোদালীছড়া সেতু পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রতিদিন প্রায় ৪০ জন শ্রমিক এই কাজ করছেন।এলাকাবাসী জানান, শ্রমিকেরা ছড়ার কাদামাটি কেটে আবার ছড়ার বাঁধ ঘেঁষে ছড়ার ভেতরেই একটু উঁচু জায়গায় রেখে দিচ্ছেন। একইভাবে কচুরিপানা ও আগাছাও কেটে তা পাড় ঘেঁষে ছড়ার ভেতরে রাখা হচ্ছে। বৃষ্টি বা ঢল নামলেই এই কাদামাটি ও আবর্জনা আবার ছড়ার মধ্যে এসে ছড়া ভরাট হয়ে যাবে।শহরের সার্কিট হাউস এলাকার বাসিন্দা তমাল ফেরদৌস প্রথম আলোকে বলেছেন, ‘যে কাজ করানো হচ্ছে, তা জলাবদ্ধতা নিরসনে কোনো কাজে আসবে না। ছড়ার যে মাটি ও আগাছা পরিষ্কার করা হচ্ছে, তা আবার ছড়ার মধ্যেই রেখে দেওয়া হচ্ছে। তাই বৃষ্টি হলেই তা পুনরায় ছড়ার মধ্যে ছড়িয়ে পড়বে। ফলে পানি কাটবে না।’জানতে চাইলে পৌরসভার মেয়র ফয়জুল করিম বলেন, ‘কোদালীছড়া পরিষ্কার করা হচ্ছে, যাতে পানি দ্রুত বেরিয়ে যেতে পারে। বর্তমানে কোদালীছড়া খনন করার সুযোগ নেই। এ জন্য অনেক টাকার দরকার। আমাদের পরিকল্পনা আছে কোদালীছড়া খননের। তবে এটা সময়সাপেক্ষ ব্যাপার।’পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের পূর্বাঞ্চল থেকে প্রায় ১৫ কিলোমিটার লম্বা কোদালীছড়া শহরের পশ্চিমাঞ্চলের হাইল হাওরের সঙ্গে গিয়ে মিশেছে। এই ছড়ার দুই কিলোমিটার পড়েছে পৌর এলাকায়, বাকি ১৩ কিলোমিটার পৌর এলাকার বাইরে। একসময় কোদালীছড়া প্রশস্ত ও গভীর থাকায় বৃষ্টির পানি দ্রুত হাওরে চলে যেত। শহরে জলাবদ্ধতার সৃষ্টি হতো না। কিন্তু বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের কারণে ছড়াটি সংকীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া বর্জ্য, শুকনো মৌসুমে ছড়ার বিভিন্ন অংশে বাঁধ তৈরি ও দীর্ঘদিন সেটি খনন না করায় ক্রমেই এটি ভরাট হয়ে গেছে। তাই এখন বৃষ্টি হলেই তা গিয়ে কোদালীছড়ায় জমাট হচ্ছে। কোদালীছড়া এই পানি ধারণ করতে না পারায় বর্ষা মৌসুমে শহরের ফাটাবিল, গির্জাপাড়া, সার্কিট হাউস এলাকা, বেরির চরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।