কোদালের আঘাতে ব্যবসায়ী খুন, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিপক্ষের লোকজন কোদাল দিয়ে আঘাত করে এক গরু ব্যবসায়ীকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার চকপুস্তম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। নিহত গরু ব্যবসায়ীর নাম মোজাম্মেল হক (৫৫)। তাঁর বাড়ি উপজেলার চকপুস্তম গ্রামে। আটক হওয়া ব্যক্তির নাম এমাজ উদ্দীন। গোমস্তাপুর থানা সূত্রে জানা গেছে, মোজাম্মেল তাঁর প্রতিবেশী এমাজ উদ্দীনের কাছ থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করতেন। তাঁর কাছে এমাজ উদ্দীনের পাওনা ছিল ২২ হাজার টাকা। এই টাকা পরিশোধ করা নিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোজাম্মেলের বাড়িতে এমাজ উদ্দীনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় সেখানে উপস্থিত এমাজ উদ্দীনের এক ছেলে কোদাল দিয়ে মোজাম্মেলের মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ এমাজ উদ্দীনকে আটক করলেও তাঁর ছেলে পালিয়ে গেছে। ওই ছেলের নাম জানা যায়নি। এ ব্যাপারে নিহতের ছেলে সমির হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।