কোদালের কোপে নিশ্চিহ্ন হচ্ছে ৬০০ বছরের ইতিহাস
মাটিদস্যুদের তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ৬০০ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘির অস্তিত্ব। উত্তরের প্রাচীন এই দিঘির পাড় ও উঁচু টিলা নির্বিচারে কেটে ফেলছে স্থানীয় মাটিদস্যুরা। সেই মাটি যাচ্ছে ইটভাটায়। কেউ বা ভরাট করছে পুকুর, খাল। আবাদি জমির লোভে উঁচু টিলা কেটে সমতল করছে স্থানীয় ভূমিদস্যুরা। প্রায় ছয় বছর ধরে নান্দাইল দিঘির মাটি লুট হচ্ছে। নির্বিচারে দিঘির পাড় কাটায় এলাকায় ভূমিধসসহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।দিঘির ইতিহাস: বরেন্দ্র অঞ্চলের ইতিহাস নামের বই থেকে জানা যায়, ১৪০০ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে বাংলার মৌর্য শাসনামলে নান্দাইল দিঘি খনন করা হয়। রাজা নন্দলাল তাঁর প্রজাদের পানীয় জলের চাহিদা মেটাতে এবং সেচের সুবিধার্থে দিঘিটি খনন করান। মূল দিঘির আয়তন ১০০ একর এবং দৈর্ঘ্য ছিল প্রায় দেড় কিলোমিটার। ১৯২৮ সালের ভূমি রেকর্ডে এবং সিএস খতিয়ানেও দিঘিটি ছিল প্রায় ১০০ একর। ভূমি কার্যালয়ের নথি ঘেঁটে দেখা যায়, ১৯২৫ সালে দিঘিটির মূল মালিক ছিলেন ময়মনসিংহের নাগরপুরের তৎকালীন জমিদার হরকুমার গুপ্ত এবং নরেশ গুপ্ত ও পরেশ গুপ্ত নামে দুই ভাই। ১৯৬২ সালে ৫৯ দশমিক ৪০ একর দিঘি এবং ৬ দশমিক ৬১ একর খাসজমি হিসেবে রেকর্ড হয়। ওই সময় ভুয়া কাগজপত্র তৈরি করে স্থানীয় কিছু ভুমিদস্যু দিঘির পাড়ের প্রায় ১০ একর সম্পত্তি দখল করে নেয়। স্বাধীনতার পর থেকে নান্দাইল দিঘির প্রায় ৬০ একর জলাধার এবং প্রায় সাত একর পাড় দখলে রয়েছে সরকারের। তবে দিঘির প্রায় ৩০ একর সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে স্থানীয় একজনের মামলা রয়েছে। জেলা প্রশাসন থেকে প্রতি তিন বছর পর দিঘিটি মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়।মাটিদস্যুদের তাণ্ডব: ২০০৬ সালে নান্দাইল দিঘির পাড়ের মাটি কেটে ট্রাকে নিয়ে একটি কলেজের মাঠ সম্প্রসারণ করা হয়। মাটি কাটার সেই যে শুরু, আর থামেনি। প্রায় ছয় বছর ধরে দিঘির পাড়ের মাটি কাটা চলছে নির্বিচারে। দিঘির পশ্চিম, পূর্ব ও উত্তর পাড়ের উঁচু উঁচু টিলার গাছ ও মাটি কেটে সমতল করা হয়েছে। এসব সমতলের জমিতে গড়ে উঠেছে বসতভিটা ও আবাদি জমি। স্থানীয় পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, ‘উঁচু পাড়ের জঙ্গল ও গাছপালা কেটে উজাড় করায় দিঘির প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। মাটি লোপাট আর দিঘির পাড়ে বসতবাড়ি গড়ে ওঠায় হুমকির মুখে পড়েছে পরিবেশ।’মাটি যাচ্ছে ইটভাটায়: ঐতিহাসিক এই দিঘির পাড়ের মাটি কেটে ট্রাকে, ভ্যানে ও ভটভটিতে করে নেওয়া হচ্ছে বগুড়ার বিভিন্ন ইটভাটায়। এ কাজে স্থানীয় কিছু শ্রমিক সম্পৃক্ত। দিঘির পাড়ের মালিকানা দাবি করে স্থানীয় কিছু লোকজন ইটভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করছেন। দিঘির পাড়ের মালিকানা দাবিদার চকমুরলীর আবদুল আজিজ, সাহজাহান আলী, আসাদ আলীসহ অনেকেই দাবি করেন, ভাটার মালিকেরা মাটি কেটে নিলেও জমির মালিকদের টাকা দেন না। টাকা দেন শুধু মাটি কাটার শ্রমিকদের। আবাদি জমির আশায় জমির মালিকেরাও এ নিয়ে আপত্তি করেন না।বগুড়ার শিবগঞ্জের একটি ইটভাটার ব্যবস্থাপক স্বপন কুমার বলেন, ‘জমির মালিকদের সমঞ্চতিতেই দিঘির পাড়ের মাটি কেটে ভাটায় নেওয়া হচ্ছে। এখানে প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই।’ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য: পুনট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা রেহানুল কবির বলেন, ‘ঐতিহাসিক এই দিঘির পাড়ের বেশ কিছু অংশ বেদখল হয়ে গেছে। বেহাত হওয়া অংশের মালিকানা দাবিদাররা ছয় বছর ধরে নির্বিচারে মাটি কেটে নিচ্ছেন। এসব মাটির বেশির ভাগই ইটভাটায় নেওয়া হচ্ছে। কিছুদিন আগে চারটি ট্রাক আটক করে থানায় দিলেও ব্যক্তিমালিকানার কাগজপত্র দেখিয়ে তা ছাড়িয়ে নেওয়া হয়।’জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার প্রথম আলোকে বলেন, কালের সাক্ষী এই দিঘির ঐতিহ্য রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। দিঘির পাড়ের মাটি ইটভাটায় পুড়তে দেওয়া হবে না। দিঘির পাড় সরকারি বা ব্যক্তিমালিকানা যা-ই হোক, কোনোভাবেই পাড়ের মাটি কাটতে দেওয়া যাবে না।